বিশ্বের অন্যতম আলোচিত ভিডিও গেমের হাত ধরে নতুন প্রজন্মের কাছে পৌঁছে গেল দীর্ঘ ৪৪ বছর আগের একটি বাংলা গান। ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ (জিটিএ-৬) গেমের রেডিও স্টেশনে যুক্ত হলো ভারতীয় সংগীতশিল্পী রূপা বিশ্বাস সেনের গান ‘আজ শনিবার’, যা কিনা প্রকাশ পেয়েছিল ১৯৮২ সালে। ফলে তরুণ প্রজন্মের সাম্প্রতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে এই শিল্পী ও তাঁর গান। গত ১৯ নভেম্বর জিটিএ-৬ মুক্তির পরপরই গেমাররা গানটি খুঁজে পান এবং তাতে মেতে উঠেন।
কয়েক দশক পর গানটির এমন স্বীকৃতি ও ভালোবাসার জন্য এবার সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে শ্রোতাদের ধন্যবাদ জানালেন রূপা বিশ্বাস। গেমের অংশ হতে পেরে আনন্দপ্রকাশের পাশাপাশি জিটিএ সিক্সে ‘আজ শনিবার’ স্থান করে নেওয়ায় নিজেকে সম্মানিত মনে করছেন বলেও জানান তিনি। এমনকি বছরখানেক আগে সংগীত থেকে দূরে সরে যাওয়া এই শিল্পী মুহূর্তটি অনুভব করতে এরইমধ্যে ছেলের কাছে গেমটির ভিডিও ক্লিপ দেখার অনুরোধ করেছেন বলেও জানান।
ভিডিওবার্তায় রূপা বলেন, ‘‘আজ আমি ভীষণ খুশি, কারণ গতকাল শুনেছি আমার ‘আজ শনিবার’ গানটি জিটিএ সিক্সে যুক্ত করা হয়েছে। এর চেয়ে আর কী-বা চাইতে পারি? আমি একজন শিল্পী, আমার পুরো জীবনটাই সংগীত। তাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং সবাইকে অভিনন্দন জানাই।’’
১৯৮২ সালে প্রকাশিত রূপা বিশ্বাসের অ্যালবাম ‘ডিস্কো জ্যাজ’-এ ছিল ‘আজ শনিবার’, যার প্রযোজনা করেছিলেন সরোদ কিংবদন্তি ওস্তাদ আশীষ খান। কানাডা সফরের সময় রেকর্ড করা এই গানে ডিস্কো ও পাঙ্ক ধাঁচের সঙ্গে যুক্ত করা হয়েছিল ভারতীয় শাস্ত্রীয়সংগীতের আবহ ও সরোদের স্বতন্ত্র সুর।
ভিন্নধর্মী এমন সংগীত মিশ্রণ সত্ত্বেও মুক্তির সময় গানটি তেমন শ্রোতাপ্রিয়তা পায়নি। বলা যায়, দীর্ঘদিন ধরে গানটি বিস্মৃতই ছিল!
তবে ২০১২ সালে ‘মিস লাভলি’ চলচ্চিত্রে গানটি ব্যবহৃত হওয়ার পর পরিস্থিতি বদলাতে শুরু করে। অনলাইনে গানটি নতুন করে ছড়িয়ে পড়লে তা আন্তর্জাতিক ডিজে ও সংগীত সংগ্রাহকদের নজরে কাড়ে। ‘ক্যারিবু’ ও ‘ডাফনি’ নামে খ্যাত কানাডিয়ান সংগীতশিল্পী ড্যান স্নেইথসহ আরও অনেকে গানটি নতুন করে তুলে ধরতে ভূমিকা রাখেন।
একপর্যায়ে অ্যালবামটির মূল রেকর্ড দুর্লভ সংগ্রহে পরিণত হয় এবং কিছু কপি ৫০০ পাউন্ডেরও (প্রায় ৮২ হাজার টাকা) বেশি দামে বিক্রি হয়েছে বলে শোনা যায়। ২০১৯ সালে অ্যালবামটি পুনরায় প্রকাশিত হয়। আর এবার জিটিএ-৬-এ যুক্ত হওয়ায় গানটি নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
সূত্র: এনডিটিভি