নির্মাতা নুহাশ হুমায়ূন পরিচালিত জনপ্রিয় অ্যান্থলজি সিরিজ ‘পেট কাটা ষ’। স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তির পরই এটি দর্শকের কাছে ব্যাপক সমাদৃত হয়। এ ছাড়া সিরিজটির জন্য একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রশংসায় ভাসেন নির্মাতা। এবার আসছে জনপ্রিয় এই সিরিজের দ্বিতীয় সিজন। সামাজিক যোগাযোগমাধ্যমে সোমবার (২২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে চরকি।
এক পোস্টে চুক্তিস্বাক্ষর মুহূর্তের কয়েকটি ছবি শেয়ার করে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি লিখেছে, ‘‘চরকিতে দর্শকনন্দিত ‘পেট কাটা ষ’র সিজন-২ নিয়ে আসছে নুহাশ হুমায়ূন। অপেক্ষার পালা শেষ হচ্ছে আজকের সাইনিংয়ের মধ্যে দিয়ে, শীঘ্রই শুরু হচ্ছে শুটিং। শুভকামনা।’’
সিরিজটির প্রথম সিজন নির্মিত হয়েছিল গ্রাম-বাংলায় মুখে মুখে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ভৌতিক কিছু গল্প অবলম্বনে। ‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’, ‘মিষ্টি কিছু’, ‘লোকে বলে’ ও ‘নিশির ডাক’ নামের পর্বগুলো সাড়া ফেলেছিল দর্শকের মাঝে।
এবার তবে দ্বিতীয় সিজনে কী দেখা যাবে—এমনটা জানতে চাইলে ইনডিপেনডেন্ট ডিজিটালকে নুহাশ হুমায়ূন বললেন, ‘আমি চাইছি দ্বিতীয় সিজনে নতুন কিছু দেওয়ার। প্রথম সিজনে লোককথা, সুপার স্টেশন, ছোটবেলায় শোনা ভূত, পেত্নী, জ্বীন, শাঁকচুন্নির গল্পগুলো ছিল। এবার দ্বিতীয় সিজনে আমরা একটু ভিন্ন পথে যাচ্ছি। চাইছি যে এখনকার আধুনিক যুগে, মানে সমসাময়িক পরিস্থিতিতে আমাদের মধ্যে কী ধরনের ভূত আছে? এখনকার সামাজিক অবস্থা চিন্তা করে সমাজের মধ্যে আমরা কোন বিষয়গুলো ভয় পায়—সেসব বিষয় নিয়ে আসতে। হ্যাঁ, অবশ্যই এবার প্রথম সিজনের চেয়ে ভিন্ন কিছু হবে। এই ভেবে আমিও খুব রোমাঞ্চিত।’
প্রথম সিজনে অভিনয় করেছিলেন আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, কাজী নওশাবা আহমেদ, সোহেল মণ্ডল, শিরিন আক্তার শিলা, প্রীতম হাসান, মোরশেদ মিশু প্রমুখ। জানা গেছে, নতুন সিজনে প্রথম সিজনের শিল্পীদের সবাই থাকছেন না। বেশ ক’জন নতুন মুখ দেখা মিলবে। তবে এ ব্যাপারে চমকই রাখলেন নুহাশ হুমায়ূন, সবকিছু এখনই প্রকাশ করতে চাইলেন না তিনি।
এরইমধ্যে চিত্রনাট্য লেখার কাজও সম্পন্ন। সব ঠিক থাকলে, আসছে মে মাসের মাঝামাঝিতে শুটিং ফ্লোরে গড়াবে পেট কাটা ষ’র নতুন সিজনটি।