‘ঘুমপরী’তে প্রীতম-তিশা, সঙ্গে পারশা

ছোট পর্দার জনপ্রিয় তারকা তানজিন তিশা। অন্যদিকে, গানের মানুষ প্রীতম হাসান। এবার এই দুই তারকা হাজির হতে যাচ্ছেন পর্দায়। ভালোবাসা আর মায়ায় জড়ানো চরকি অরিজিনাল ফিল্ম ‘ঘুমপরী’তে দেখা যাবে তাঁদের। 

এর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মটির সঙ্গে প্রথমবার কাজ করতে যাচ্ছেন তিশা। চমকের এখানেই শেষ নয়। জুলাই-আগস্টের আন্দোলনে ‘চলো ভুলে যাই’ গান গেয়ে ভাইরাল হওয়া পারশা মাহজাবীনও রয়েছেন এ সিনেমায়।

ওয়েব ফিল্মটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা জাহিদ প্রীতম। নির্মাতা হিসেবে ঘুমপরী হতে যাচ্ছে চরকির সঙ্গে তাঁর প্রথম কাজ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে চরকির অফিসে হয়েছে চুক্তি স্বাক্ষর। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রীতম ও তিশা। ছবি: চরকি

এ সময় নির্মাতা ছাড়াও উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী তানজিন তিশা, প্রীতম হাসান, পারশা মাহজাবীন প্রমুখ। চরকির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি।

জানা যায়, এর আগেও চরকির সঙ্গে কাজ করার কথা ছিল তানজিন তিশার। কিন্তু ঘুমপরীকে অভিনেত্রী বেছে নেন গল্পের কারণে। তানজিন তিশা বলেন, ‘গল্পটা শুনলে বা দেখলে যে কেউ মুগ্ধ হবেন। এই গল্প দিয়ে চরকির সঙ্গে কাজ শুরু না করলে আমার বোকামি হবে বলে মনে হয়। তাই কাজটিতে যুক্ত হয়েছি। আশা করছি, দর্শকদের খুব ভালো লাগবে।’

পারশা, তিশা ও প্রীতমকে নিয়ে ফিল্মটি পরিচালনা করছেন জাহিদ প্রীতম। ছবি: চরকি

ওয়েব ফিল্মটির অভিনেতা ও পরিচালক—দুজনের নামই প্রীতম। অভিনেতা প্রীতম হাসান জানান, তাদের নাম এক হলেও বানানে পার্থক্য আছে। প্রীতম হাসান বলেন, ‘খুব সুন্দর গল্পের কাজ এটি। এরই মধ্যে নির্মাতা দর্শকদের সুন্দর সুন্দর অনেক কাজ উপহার দিয়েছেন। আশা করছি, ঘুমপরী দর্শকদের আরও ভালো লাগবে।’

যাদেরকে এতদিন পর্দায় দেখে দূর থেকেই পছন্দ করতেন, তাদের সঙ্গে এবার কাজের সুযোগ পেয়েছেন পারশা মাহজাবীন। স্বাভাবিকভাবেই তিনি খুব উচ্ছ্বিসত। বললেন, ‘এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। যাদের পছন্দ করি, তাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। চরকির সঙ্গেও কাজ করার ইচ্ছা ছিল, সেটাও পূরণ হলো। সব মিলিয়ে আমি খুব খুশি এবং আশাবাদী।’

নির্মাতা জাহিদ প্রীতম জানান, ঘুমপরী গল্পটি ভালোবাসার। তবে এতে রহস্য ও নাটকীয়তার মিশ্রণও রয়েছে। শিগগিরই এর শুটিং শুরু হবে।