জমজমাট ওটিটি

ঈদ মানেই নতুন বিনোদনের রঙিন আয়োজন। সিনেমা হলের পাশাপাশি এখন দর্শকের বড় ভরসা ওটিটি প্ল্যাটফর্ম। প্রতি ঈদেই এই মাধ্যমগুলোতে মুক্তি পায় ভিন্নধর্মী গল্পের ওয়েব সিরিজ ও ফিল্ম, যা ঘিরে তৈরি হয় বাড়তি আগ্রহ। তারকাবহুল উপস্থিতি, নতুন নির্মাণ আর গল্পের বৈচিত্র্যে এবারের ঈদেও ওটিটি দুনিয়া থাকছে জমজমাট। এক নজরে দেখে নেওয়া যাক আলোচিত কনটেন্টগুলো—

ক্যাকটাস
নির্মাতা শিহাব শাহীনের স্পাই-থ্রিলার ‘ক্যাকটাস’ প্রযুক্তি আর গুপ্তচরবৃত্তির দুনিয়ায় নিয়ে যাবে দর্শকদের। গল্পে রয়েছে মানসিভ নামের এক দক্ষ হ্যাকার, যিনি একসময় সাইবার জগত থেকে দূরে সরে যান। কিন্তু রাষ্ট্রীয় এক সংকট তাকে আবার ফিরিয়ে আনে সেই বিপজ্জনক জগতে। এরপর শুরু হয় সময়ের সঙ্গে দৌড়, যেখানে প্রতিটি পদক্ষেপই ঝুঁকিপূর্ণ। প্রীতম হাসান, মেহজাবীন চৌধুরী, মুনীরা ইউসুফ মেমী, সালাউদ্দিন লাভলুসহ অনেকে অভিনয় করেছেন এতে। সিরিজটি মুক্তি পেয়েছে ১৭ মার্চ।

লাভ সিটার
দুটি একাকী মানুষ ও একটি বিড়ালকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ভিন্নধর্মী এই ওয়েব ফিল্ম। জিয়াউল হক পলাশ ও সাদিয়া আয়মান প্রথমবার জুটি বেঁধেছেন এতে। তাদের নিঃসঙ্গতা, অনুভূতির ওঠানামা এবং সম্পর্কের সূক্ষ্ম পরিবর্তনকে ঘিরেই এগিয়েছে গল্প। এখানে বিড়ালটি শুধু একটি পোষা প্রাণী নয়, বরং দুই চরিত্রের মধ্যে সংযোগ তৈরির প্রতীক। অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদের যৌথ পরিচালনায় নির্মিত এই ফিল্মটি ঈদের তৃতীয় দিনে মুক্তি পাবে।

ব্যাচেলর পয়েন্ট’ (সিজন )
দর্শকপ্রিয় এই ধারাবাহিক নতুন সিজন নিয়ে আবার ফিরছে। ঈদ উপলক্ষে তৈরি করা হয়েছে নতুন ৮টি পর্ব। পুরনো পরিচিত চরিত্রগুলোর পাশাপাশি থাকছে নতুন চমকও। মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুবদের সঙ্গে যুক্ত হয়েছেন শামীম হাসান সরকার, স্পর্শিয়া ও লামিয়া লাম। হাস্যরসের সঙ্গে সমসাময়িক বাস্তবতার মিশেলে সিরিজটি আবারও দর্শকদের আনন্দ দেবে বলে আশা করা হচ্ছে।

চক্র
প্রথম সিজনের সফলতার পর ‘চক্র ২’ নিয়ে দর্শকদের প্রত্যাশা বেশ উঁচুতে। এটি একটি মনস্তাত্ত্বিক থ্রিলার, যেখানে মানুষের মনের অন্ধকার দিকগুলো তুলে ধরা হয়েছে। শোক, হতাশা এবং মানসিক চাপ কীভাবে একজন মানুষকে ভিন্ন পথে নিয়ে যায়—সেই বিষয়গুলোই উঠে এসেছে গল্পে। অভিনয়ে আছেন তৌসিফ মাহবুব, আজমেরী হক বাঁধনসহ অনেকে। ঈদের ষষ্ঠ দিনে মুক্তি পাবে সিরিজটি।

একসাথে আলাদা
সম্পর্কের জটিলতা নিয়ে নির্মিত এই ওয়েব ফিল্মে দেখা যাবে—একই ছাদের নিচে থেকেও কীভাবে মানুষ দূরে সরে যায়। একটি দম্পতির আবেগ, টানাপোড়েন এবং বাস্তবতার গল্পই এখানে তুলে ধরা হয়েছে। রোমান্টিক-কমেডি ঘরানার এই ফিল্ম পরিচালনা করেছেন রেজাউর রহমান। অভিনয়ে রয়েছেন ইয়াশ রোহান, পারসা ইভানা, তারিক আনাম খান, তুষার খানসহ অনেকে। ১৯ মার্চ মুক্তি পেয়েছে এটি।

সিক্স
রহস্য আর থ্রিলারে ভরপুর ৬ পর্বের সিরিজ ‘সিক্স’ আসছে ভিন্ন আঙ্গিকে। ঈদের ৬ দিনজুড়ে প্রতিদিন একটি করে এপিসোড প্রকাশ করা হবে। একটি গোপন ল্যাবে আগুন লাগার ঘটনা থেকে শুরু হয়ে ধীরে ধীরে সামনে আসে ভয়ংকর এক রহস্য। বিশৃঙ্খলার মধ্যে পালিয়ে যায় এক খুনি, আর তাকে ধরতে শুরু হয় ঝুঁকিপূর্ণ তদন্ত। অভিনয়ে আছেন ইফতেখার আহমেদ ফাহমি, আরশ খান, অপর্ণা ঘোষসহ অনেকে।

লিলি
সাইকোলজিকাল মিস্ট্রি থ্রিলার ঘরানার এই সিরিজটি শুরু থেকেই কৌতূহল তৈরি করেছে। ফররুখ আহমদ রেহান ও জাহানা খান জুটি বেঁধেছেন এতে, পরিচালনায় নাজিফা তাবাসসুম। ট্রেলারেই মিলেছে রহস্য আর মানসিক টানাপোড়েনের ইঙ্গিত। ঈদের ষষ্ঠ দিনে বঙ্গ প্ল্যাটফর্মে মুক্তি পাবে এটি।