‘পাঁচ তারিখের ভোরটা আমার জন্য খুব ভয়ংকর’

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদের জীবনে আছে দুঃসহ্য এক ঘটনা। চলতি বছর ২৩ মে কঠিন সময়ের মুখোমুখি হন তিনি। এদিন ফেসবুকে শুভাকাঙ্ক্ষীদের এক দুঃসংবাদ দেন। জানান, তাঁর অনাগত সন্তান আর পৃথিবীর আলো দেখতে পারল না। ছয় মাসের অনাগত যমজ সন্তানদের ভারতের মাটিতে করতে হয়েছে সমাহিত।

ইরফান সাজ্জাদ ও তাঁর স্ত্রী সংবাদ পাঠিকা শারমিন সাজ্জাদ। শারমিন খুব অসুস্থ ছিলেন। জটিলতার কারণে গর্ভেই মারা যায় সন্তানেরা। অনাগত যমজ সন্তান হারানো প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘প্রতি মাসের পাঁচ তারিখের ভোরটা খুব ভয়ংকর হয় আমার জন্য। আমাকে ঠিক থাকতে দেয় না দিনটা। ভয়ংকর দিনটি না এলে অন্যরকম হতে পারতো জীবন। ৫ মে ২০২৩ দিনটা যদি না আসতো!’ 

চলত বছরের ২৩ মে এক ফেসবুক স্ট্যাটাসে ইরফান পুরো বিষয়টি তুলে ধরেছিলেন। তাঁর ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, “তাদের নাম রেখেছিলাম ‘প্রিয়’ আর ‘মায়া’। তারা আল্লাহর বেশি প্রিয় হয়ে গেল।”

এ প্রসঙ্গে ইরফানের ভাষ্য ছিল এমন, ‘আমার স্ত্রী শারমিন সাজ্জাদ দেড় বছর ধরে অসুস্থ। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে তার নিয়মিত চিকিৎসা চলছিল। এরমধ্যে জানতে পারি আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। যে কারণে আমি দেড় বছর সেভাবে কাজ করিনি। পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করেছি সব সময়। গত ৫ মে দুপুরে চেন্নাই থেকে ঢাকার ফ্লাইটের টিকিট কনফার্ম করা ছিল। কিন্তু হঠাৎ সেদিন সকালে আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর বড় সার্জারি হয় তার। কিন্তু চিকিৎসক আমাদের ৬ মাসের অনাগত সন্তানকে আর পৃথিবীর আলো দেখাতে পারেননি।’

অভিনেতার কথায়, ‘আমার স্ত্রীর শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে সেই মূহুর্তে চিকিৎসকের হাতে কোনো উপায়ও ছিল না। বর্তমানে আমার স্ত্রী অসুস্থ। তার চিকিৎসা চলছে। সন্তান কী সেটা উপলব্ধি করছি, এই ফিলিং আসলেই ভাষায় প্রকাশ করার মতো মানসিক অবস্থা নেই। দোয়া করবেন যেন সুস্থ স্ত্রীকে নিয়ে দেশে ফিরতে পারি শিগগিরই।’