দুইশত বছর আগে মারা যাওয়া ব্যক্তির হঠাৎ আগমন!

২৭ জানুয়ারি, শনিবার রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে নাটক ‘দম ফুরালেই ঠুস’। লিটু সাখাওয়াতের রচনায় এটি প্রযোজনা করেছেন শাহজামান মিয়া।

নাটকের গল্পে দেখা যাবে- নজর মিয়া প্রায় দুইশত বছর আগে মারা গেছে। তার রেখে যাওয়া সম্পদ ভোগ করছে তারই ছোট ছেলের পোতা শামীম। শামীম লোক ঠকিয়ে জোর-জবরদস্তি করে অন্যের সম্পদ নিজের করে নিয়েছে। একদিন আচমকা তার বাড়িতে হাজির হয় নজর মিয়া। মৃত লোককে দুইশত বছর পর জীবিত দেখে অবাক হয়ে যায় তার পরিবারের সবাই। শামীমের মতো হবহু দেখতে নজর মিয়া জমির দলিল আর কাগজপত্র নিয়ে সম্পদের দাবি করতে থাকে। এদিকে শামীম কিছুতেই তা বিশ্বাস করতে পারে না। কিন্তু চেহারার সঙ্গে হুবহু মিল থাকায় সে চিন্তায় পড়ে যায়। সে নজর মিয়াকে পুলিশের কাছে ধরিয়ে দেয়ার হুমকি দেয়। শামীম রাতে ঘুমের মধ্যে ভৌতিক আওয়াজ শুনতে পায়। পরক্ষণেই উঠানে এসে সে নজর মিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে। এতে সে ভয় পেয়ে যায়। 

নাটকটিতে অভিনয় করেছেন মনির আহমেদ শিমুল, রিমি করিম, মাইশা, আশরাফুল আশিক ও আদিত্য আলম।