মধ্যরাতে হঠাৎ ফারুকের বাসায় সজল

ফারুক ও সজল। ছবি: ফারুক আহমেদের ফেসবুক থেকে নেওয়াটেলিভিশন পর্দার জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ। অভিনয়ের পাশাপাশি তিনি লেখক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। এরই মধ্যে প্রকাশ পেয়েছে তাঁর দুটি বই। একটি ‌‘স্মৃতিতে হুমায়ূন আহমেদ’, অপরটি ‘ভাঙা চশমা’। সম্প্রতি এই অভিনেতার বাসায় হঠাৎ করেই হাজির হয়েছিলেন আরেক অভিনেতা সজল। তখন মধ্যরাত। মূলত ভ্রাতৃত্বের টানেই অগ্রজ অভিনেতার বাড়িতে গিয়েছিলেন তিনি।

এভাবে হঠাৎ ফোন দিয়ে বাসায় চলে যাওয়ায় ঘটনায় আপ্লুত ফারুক আহমেদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেদিনে স্মৃতি শেয়ার করে তিনি বললেন, ‘কয়েকদিন আগে রাত ১২টায় আমাকে ফোন দিল আমার প্রিয় ছোট ভাই সজল। ফোন দিয়ে বললো, ফারুক ভাই তোমাকে আমার খুব দেখতে ইচ্ছা করছে। আমি কি তোমার বাসায় আসব? আমি বললাম, অবশ্যই।’

এত রাতে কল দিয়ে কেউ বাসায় আসতে চাইলে লোকটি কোনো বিপদে পড়েছেন কিনা সেই কৌতূহল থাকাই স্বাভাবিক। ফারুক আহমেদও তেমনই ভেবেছিলেন। কিন্তু না, ঘটনা অন্য। ফারুক আহমেদ বললেন, ‘সে (সজল) মিনিট দশেক পর তার এক ছোট ভাইকে নিয়ে আমার বাসায় এল। আমি জিজ্ঞাসা করলাম, এত রাতে তুমি এলে। কোনো সমস্যা? সে বললো, কোনো সমস্যাও না, কোনো কাজও না। দুইদিন যাবৎ তোমার কথা খালি মনে পরছিল। তাই তোমাকে দেখতে এলাম। খুশিতে আমার মন ভরে গেলো। সে বসলো। আমাকে দেখলো। আমি তাঁকে আমার লেখা বই উপহার দিলাম। তারপর কিছুক্ষণ কথা বলে চলে গেল। আমি জানি না ভালোবাসা আসলে কী? ভালো থেকো সজল।’

প্রসঙ্গত, অভিনয়ের সুবাদে ফারুক আহমেদের সঙ্গে সজলের পরিচয় দীর্ঘদিনের। একসঙ্গে তাঁদের দেখা গেছে পর্দাতেও। এই দুই অভিনেতার জনপ্রিয় নাটকের মধ্যে ‘পালকি’ বিশেষভাবে উল্লেখযোগ্য।