একসঙ্গে চার নাটক

ঈদ উপলক্ষে একসঙ্গে চার নাটক আসছে পিকক এন্টারটেইনমেন্টে। সেগুলো হলো ‘সামার ব্রেক', ‘বন্ধুত্ব নাকি প্রেম', ‘মন বোঝে না’ ও ‘এ হৃদয়’।

তার মধ্যে 'সামার ব্রেক' নাটকটি সাজ্জাদ হোসাইন বাপ্পি পরিচালনা করেছেন। এ নাটকটিতে জুটি হয়েছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। এ জুটির অনেক নাটকই দর্শকপ্রিয়তা পেয়েছে। সেই ধারাবাহিকতায় 'সামার ব্রেক' নাটকও দর্শকের মন ভরাবে বলে প্রত্যাশা পরিচালকের।

ঈদে আরেকটি নাটক নিয়ে আসবেন মাশরিকুল আলম। নাম 'বন্ধুত্ব নাকি প্রেম'। এতে জুটি বেঁধেছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। এ নাটক নিয়ে জোভান বলেন, 'আসছে কোরবানি ঈদে আমার বেশকিছু নাটক প্রচারে আসবে৷ সেগুলো গল্প ও নির্মাণে দর্শকদের মুগ্ধ করবে৷ তার ভিড়ে 'বন্ধুত্ব নাকি প্রেম' নাটকটি আলাদা করে সবার মনে দাগ কাটবে বলে মনে করি আমি।'

‘মন বোঝে না’ নাটকটি বানিয়েছেন হাসিব হোসাইন রাখি। এতে তৌসিফ মাহবুবের বিপরীতে দেখা যাবে তটিনীকে। চার নম্বর নাটকটি নির্মাণ করেছেন আলোচিত নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। 'এ হৃদয়' নামের নাটকে জুটি হয়েছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল।

চারটি নাটকই ঈদের দিন থেকে প্রচার হবে পিকক এন্টারটেইনমেন্টে।