ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজে শুক্রবার মঞ্চস্থ হবে প্রাচ্যনাট (বাংলাদেশ) ও উঙ্গা ক্লারা (সুইডেন)-এর যৌথ প্রযোজনা ‘গার্ডিয়ানস অব দ্য গডস’। শিশুদের জন্য প্রাপ্তবয়স্কদের অভিনীত এই বিশেষ নাটকটির প্রদর্শনী হবে সন্ধ্যা ৭টা ও ৮টা ১৫ মিনিটে।
গুস্তাভ দাইনফের নির্দেশনা ও এরিক উডেনবার্গের রচনায় নির্মিত নাটকটি বাংলায় রূপান্তর করেছেন প্রজ্ঞা তাসনুভা রুবাইয়াত। নাটকটির বৈশ্বিক প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছিল গত ৩০ মে তুরস্কের দিয়ারবাকর শহরে। এরপর ২০২৫ সালের পুরোটা জুড়ে এটি পাঁচ মহাদেশের ২৫টি দেশে মঞ্চায়িত হয়েছে। বাংলাদেশে এর প্রিমিয়ার হতে যাচ্ছে সেপ্টেম্বরে।
গার্ডিয়ানস অব দ্য গডস মূলত দ্য চাইল্ডহুড প্রজেক্ট-এর অংশ, যা বাংলাদেশ থেকে শুরু করে ফিনল্যান্ড পর্যন্ত একাধিক দেশের থিয়েটার সংগঠনের যৌথ উদ্যোগে চলছে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী শিশু ও তরুণদের জন্য সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করা।
নাটকটির গল্প পাঁচ মহাদেশের ১১টি দেশের শিশু ও প্রাপ্তবয়স্কদের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি। এতে তুলে ধরা হয়েছে শিশুদের অভিজ্ঞতা ও তাদের ভেতরের জগৎ। নাটকের কেন্দ্রীয় চরিত্র এ এবং বি রূপ বদলাতে পারে, যাদের আছে অতিপ্রাকৃত ক্ষমতা। এই জাদুকরী ক্ষমতার মাধ্যমে দর্শকরা দেখতে পান শিশু ও প্রাপ্তবয়স্কদের জটিল সম্পর্কের ভেতর দিক।
বাংলাদেশ থেকে এই নাটকে অংশ নিচ্ছেন অভিনেতা তৌফিকুল ইসলাম ইমন, অভিনেত্রী নাহিদা আখতার আঁখি এবং কোরিওগ্রাফার ডায়ানা মেরিলিন। এ প্রসঙ্গে ইমন বলেন, ‘গার্ডিয়ানস অব দ্য গডস শুধু একটি নাটক নয়—এটি একটি বৈশ্বিক অভিযান। একই সাথে ১১ দেশের ২২ জন শিল্পীর সঙ্গে কাজ করা এক অফুরন্ত সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ।’
প্রযোজনাটিতে মঞ্চ ও পোশাক পরিকল্পনায় আছেন দেনিজ গোল, সংগীতে তাইজা নেইং, আর কোরিওগ্রাফিতে ডায়ানা মেরিলিন। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা, আর্জেন্টিনা, পোল্যান্ড, মেক্সিকো, তুরস্ক, নরওয়ে, ফিনল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশের নাট্যদলও এর সঙ্গে যুক্ত রয়েছে।
পরিচালক গুস্তাভ দাইনফ বলেন, ‘এই নাটক বিশ্বব্যাপী শিশুদের কণ্ঠস্বর তুলে ধরে। দর্শকদের জন্য এটি হতে পারে এক অনন্য অভিজ্ঞতা।’