মুনীর চৌধুরীর জন্মশতবর্ষে বিশেষ আয়োজন

শহীদ বুদ্ধিজীবী-নাট্যকার মুনীর চৌধুরীর জন্মশতবর্ষ আজ। এ উপলক্ষে নাট্যদল ‘থিয়েটার’ আয়োজন করেছে এক বিশেষ স্মরণসভা। রাজধানীর নিউ বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে অনুষ্ঠিত হবে এটি। অনুষ্ঠান শুরু হবে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। সকলের জন্য উন্মুক্ত থাকবে আয়োজনটি।

অনুষ্ঠানের মূল আকর্ষণ থাকছে মুনীর চৌধুরীর কাছাকাছি থেকে কাজ করা দুই কৃতী ব্যক্তিত্বের আলাপচারিতা। এতে অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী ও বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

এই দুই বরেণ্য শিক্ষাবিদ স্মৃতিচারণ করবেন মুনীর চৌধুরীর শিক্ষকতা, সাহিত্যকর্ম, মানবিক মূল্যবোধ ও প্রগতিশীল আদর্শ নিয়ে। আলাপচারিতা পরিচালনা করবেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।

আয়োজকদের মতে, নতুন প্রজন্মের মুনীর চৌধুরীকে দেখার সুযোগ হয়নি, তাদের জন্য এই অনুষ্ঠান হবে তাঁর জীবন ও চিন্তা কাছ থেকে জানার বিরল সুযোগ।