প্রচার শুরুর পর থেকেই আলোচনার কেন্দ্রে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’। ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম মিলিয়ে এখন পর্যন্ত সিরিয়ালটির ২৪টি পর্ব দেখা হয়েছে প্রায় ২৮৫ কোটি বার, যা বাংলাদেশের কোনো টিভি সিরিয়ালের ক্ষেত্রে বিরল ও অনন্য এক রেকর্ড।
বিস্ময়কর হলেও সত্য, সিনেমাওয়ালার ব্যানারে নির্মিত এই ধারাবাহিক শুধু দেশেই নয়; যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য, ভারত, পাকিস্তান, চীন, জাপান ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকেও নিয়মিত উপভোগ করছেন দর্শকরা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পোস্টে পরিচালক রাজ জানান, এটা আমাদেরই গল্প সিরিজটি সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মিলিয়ে প্রায় ২.৬ বিলিয়ন (২৬০ কোটি) ভিউ অতিক্রম করেছে। পাশাপাশি দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘ইউটিউবে সিরিয়ালটির প্রতিটি পর্বই ১ কোটির বেশি ভিউ ছাড়িয়েছে।’ তবে এর দুই ঘন্টার মধ্যেই সেখানে যোগ হয়েছে আরও ২৫ কোটি।
চ্যানেল আইয়ে প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে ৯টায় ধারাবাহিকটি প্রচারিত হচ্ছে। টিভি প্রচারের পর বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে নতুন পর্ব। উল্লেখযোগ্য বিষয় হলো, ইউটিউবে প্রকাশের এক ঘণ্টার মধ্যেই প্রতিটি পর্ব মিলিয়ন ভিউ অতিক্রম করছে, যা বাংলাদেশের নাটকে প্রথমবারের মতো দেখা গেল।
‘এটা আমাদেরই গল্প’ মূলত পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব ও মমত্ববোধকে কেন্দ্র করে নির্মিত। সংশ্লিষ্টদের মতে, দর্শক যেন নিজেদের জীবনের খণ্ডচিত্র এখানে খুঁজে পান—সেই চেষ্টাই ছিল নির্মাতাদের। এ কারণেই সিরিয়ালটির ট্যাগলাইন, ‘পরিবারই শুরু, পরিবারই শেষ’।
ধারাবাহিকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর ও মাহমুদুল ইসলাম মিঠুসহ আরও অনেকে।