সমাজমাধ্যমে মৃত্যুর গুঞ্জন শুনে যা বললেন তানিয়া বৃষ্টি

সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। যেহেতু তিনি মাস কয়েক ধরেই অসুস্থ, তাই এ ধরনের গুজবে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী। তিনি জানান, বিষয়টি পুরোই ভুয়া। বর্তমানে ভালো আছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই বিশ্রামে রয়েছেন।

তানিয়া বৃষ্টি বলেন, ‘আমি আল্লাহর রহমতে ভালো আছি। এখন বাসাতেই রয়েছি। পুরোপুরি বিশ্রামে আছি।’ 

তিনি জানান, নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন এবং নির্ধারিত সময় অনুযায়ী চেকআপ করাচ্ছেন। তাঁর ভাষ্য, ‘আমার অ্যাপয়েন্টমেন্ট ডাক্তার আছেন, সেখানে নিয়মিত চেকআপ করাতে হয়। চিকিৎসকদের পরামর্শ মেনেই চলছি।’

অভিনেত্রী আরও জানান, ২০ জুন তাঁর কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা রয়েছে। বর্তমানে সেই প্রস্তুতিই নিচ্ছেন তিনি। 

তানিয়া বলেন, ‘দুটি সার্জারি হয়েছে। তৃতীয় সার্জারিটা করাতে আরও কিছুটা সময় লাগবে। মাথায় যেন নতুন করে কোনো জটিলতা তৈরি না হয়, সে জন্য বাসাতেই বেশি থাকি। খুব একটা বের হই না।’

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। পরে ফেব্রুয়ারিতেই অস্ত্রোপচার করে টিউমার অপসারণ করা হয়। এরপর দীর্ঘ সময় বাসায় থেকেই চিকিৎসা নিয়েছেন। গত ৯ মার্চ উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে যান। চিকিৎসা শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফেরেন এই অভিনেত্রী। এরপর থেকে তিনি বাসাতেই বিশ্রামে রয়েছেন।