কলকাতার রহস্য সিনেমায় মিথিলার একঝলক, বিপরীতে জিতু

শহর কলকাতায় এবার নতুন গোয়েন্দা ৷ দুলাল দে'র হাত ধরে রহস্য সমাধানে অভিনেতা জিতু কমল ৷ আর সেখানে অন্যতম ভূমিকায় রাফিয়াত রশিদ মিথিলা।

প্রকাশ্যে এসেছে 'অরণ্য'র প্রাচীন প্রবাদ' ছবির প্রথম ঝলক বা টিজার ৷ এতে স্পষ্ট, ‘গোয়েন্দা অরণ্য চট্টোপাধ্যায়’ হয়ে উঠতে জিতু নিজেকে অনেক বদলেছেন। 

অভিনেতা জানিয়েছেন, বিনোদন দুনিয়ায় না এলে তিনি যা যা হতে চাইতেন এই ছবিতে সেই সব ভূমিকায় অভিনয় করেছেন তিনি। 

ভারতীয় পত্রিকায় নায়কের মন্তব্য, ‘ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতাম। খেলতেও পারি। আবার সুস্থ রাজনীতিও পছন্দ করি। অভিনেতা না হলে এই দুটোর কোনও একটা অবশ্যই হতাম। এখন দেখছি, অভিনেতা হওয়ারও অনেক সুবিধে। যে স্বপ্ন পূরণ হচ্ছে না সে সব অভিনয়ের মাধ্যমে কিছুটা হলেও মিটিয়ে নিতে পারছি!’

জিতুর সঙ্গে এই প্রথম জুটি বেঁধেছেন রাফিয়াত রাশিদ মিথিলা।

এ ছাড়াও আছেন কলকাতার লালবাজার ট্র্যাফিক কন্ট্রোলের বিভাগীয় প্রধান অলোক সান্যাল, সুহোত্র মুখোপাধ্যায়, কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়, লোকনাথ দে-র মতো অভিনেতা। টিজার বলছে, সুহোত্রকে সম্ভবত খলনায়ক চরিত্রে দেখা যাবে। 

‘অরণ্য’ প্রেক্ষাগৃহে আসছে আগামী জুলাইয়ে।