পশ্চিমবঙ্গে আজ মুক্তি পেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত চলচ্চিত্র ‘অভিমান’। তবে মুক্তির দিনেই তা বিতর্কের মুখে পড়েছে! মুখ্য অভিনেতা প্রসেনজিতের বিরুদ্ধে ‘ভাবনা ও চরিত্র চুরি’র অভিযোগ এনেছেন ‘কাদম্বরী’খ্যাত নির্মাতা সুমন ঘোষ। এবার সেই বিতর্কের ডালপালা মেলতেই মুখ খুললেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ।
শুক্রবার (১৯ জুন) বিকেলে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেতা। যেখানে তিনি বলেন, ‘পরিচালক হিসেবে সুমনের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আমাদের এই সিনেশিল্পে সৃজনশীল কাজের ক্ষেত্রে অনেক সময় পারস্পারিক মিল দেখা দিতে পারে। কারণ আমরা সবাই মূলত মানুষের সর্বজনীন আবেগ ও বিষয়বস্তু থেকেই অনুপ্রেরণা নিই। তবে অভিমান ছবিটি সম্পূর্ণ স্বতন্ত্র এবং আইনত নথিবদ্ধ করা প্রজেক্ট, যার নেপথ্যে রয়েছেন পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত ও শ্রীজাত।’
যোগ করে বলেন, ‘অভিনেতা হিসেবে আমার কাজ হলো শুধু চিত্রনাট্যটি পর্দায় ফুটিয়ে তোলা। অন্য কারও সৃজনশীলতা ও বিশ্বাসের অমর্যাদা করার কোনো উদ্দেশ্য আমাদের ছিল না। সুমনের প্রতি আমার শুভেচ্ছা রইল।’
এর আগে, আজ সকালে এক ফেসবুক পোস্টে প্রসেনজিতের বিরুদ্ধে ‘ভাবনা ও চরিত্র চুরি’র অভিযোগ তোলেন নির্মাতা সুমন ঘোষ। তাঁর দাবি, গত আড়াই বছর ধরে তিনি যে ভাবনা নিয়ে প্রসেনজিতের সঙ্গে আলোচনা করেছেন, অভিমান’র মুখ্য চরিত্রে তারই প্রতিফলন দেখা গেছে। এর জন্য অবশ্য নির্মাতা বা প্রযোজককে নয়, সরাসরি প্রসেনজিৎকেই দায়ী করেছেন সুমন! এমনকি অভিনেতাকে ই-মেইলের মাধ্যমেও বিষয়টি জানিয়েছেন তিনি।