হাতের অস্ত্রোপচারের পর অবশেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ভারতের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। হাসপাতাল ছাড়ার আগমুহূর্তে চিকিৎসক ও নার্সদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বিশেষ বার্তা দিয়েছেন তারকা এই অভিনেতা।
মিঠুন জানান, তিন দিন চোখের নিমেষে কেটে গেছে, তিনি নিজেই বুঝতে পারেননি সময় কোথা দিয়ে চলে গেল। তিনি বলেন, ‘সব চিকিৎসককে আমার কৃতজ্ঞতা জানাই। বিশেষজ্ঞদের পুরো টিম যাঁরা আমাকে সুস্থ করে তুললেন, তাঁদের অনেক ধন্যবাদ। নার্সদের কাছ থেকেও খুব যত্ন পেয়েছি। তার জন্যই আমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারছি। অস্ত্রোপচারের দিনেই লক্ষ করলাম, আমার আঙুল দিয়ে কিছু ধরার মতো অবস্থা ফিরে পাচ্ছি। আমাকে এত সুন্দর সেবা করার জন্য মন থেকে সবাইকেই ধন্যবাদ জানাই।’
এর আগে গত বৃহস্পতিবার ডান হাতে অস্ত্রোপচার করা হয় মিঠুনের। হাসপাতাল সূত্রে তখনই জানানো হয়েছিল, অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, এর আগে একই হাতের কনুইয়েও অস্ত্রোপচার হয়েছিল অভিনেতার। এবারের অস্ত্রোপচারের পর তাঁকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হওয়ায় শনিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।