জিতের ছবির শুটিংয়ে রোবট ক্যামেরা

জিৎ ও রুক্মিণী। ছবি: রুক্মিণী/ফেসবুকসারা বিশ্ব এখন এআইপ্রযুক্তিতে বুঁদ হয়ে আছে। মিডিয়াতে আসছে নিত্যনতুন খবর। এরমধ্যে আরেক সংবাদ দৃষ্টি কাড়ছে চলচ্চিত্র প্রেমীদের। টলিউড নায়ক-প্রযোজক জিতের নতুন ছবির শুটিং করতে আনা হয়েছে রোবটিক প্রযুক্তি। অত্যাধুনিক এই রোবট ক্যামেরা ধারণ করবে জটিল ও শৈল্পিক সব শট।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের বরাতে জানা যায়, জিতের প্রযোজনা সংস্থার অধীনে সৌভিক কুণ্ডু ‘বুমেরাং’ ছবিটির শুটিং করছেন। জিৎ ও রুক্মিণী মৈত্র অভিনীত এই ছবিটির প্রেক্ষাপট কল্পবিজ্ঞান। এতে প্রচুর জটিল দৃশ্য রয়েছে, একাধিক চরিত্রের দৃষ্টিকোণ থেকে ছবিতে নাটকীয়তা হাজির করতে চাইছেন পরিচালক। তাই নির্মাতারা ছবির কিছু অংশ ‘সিনেবট’ ক্যামেরায় শুটিং করছেন।

সিনেবোট। ছবি: সংগৃহীত

জানা যায়, মূলত কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত এই ক্যামেরা বিভিন্ন অ্যাকশন দৃশ্য ও জটিল শট নির্ভুলভাবে শুট করতে সক্ষম। দ্রুতগতির এই ক্যামেরার অবস্থান পর্দায় যেন দর্শকদের চরিত্রদের আরও কাছে হাজির করে। এক সময় হলিউডে জেরার্ড বাটলার অভিনীত ‘থ্রি হান্ড্রেড’ ছবিতে এই ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়েছিল। পরে বলিউডে ‘ধুম’ সিরিজ়েও এই ধরনের ক্যামেরা ব্যবহৃত হয়। দক্ষিণী ছবিতে এই প্রযুক্তি আরও আগে এসেছে। এদিকে জিতের এ সিনেমাতে শুধু ক্যামেরা নয়, ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক মোটরবাইক।

অত্যাধুনিক বাইক। ছবি: সংগৃহীত

যাকে ইউনিট ‘ফিউচারিস্টিক বাইক’ বলেই উল্লেখ করতে চাইছে। জিতের কথায়, ‘দর্শকদের জন্য সব সময়েই আমি নতুন কিছু করতে চাই। আমার মনে হয় সিনেবট প্রযুক্তি এবং ফিউচারিস্টিক বাইকের এই নতুন অভিজ্ঞতা দর্শকদের পছন্দ হবে।’
এদিকে টলিউডে কল্পবিজ্ঞাননির্ভর ছবির সংখ্যা বেশ কম। তাই জিৎ চাইছেন দর্শকরা যেন বিমুখ না হয়। জিৎ ও রুক্মিণী ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন সত্যম ভট্টাচার্য, দেবচন্দ্রিমা সিংহ রায়, খরাজ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, শ্যামল চক্রবর্তী প্রমুখ।