রাজশাহী, খুলনাসহ ৪ বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। এ অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আজকের পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, চাঁদপুর, ফেনী ও পটুয়াখালী জেলাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
সংস্থাটির তথ্যানুসারে, মৌসুমী বায়ু কম সক্রিয় থাকায় সারাদেশে কমেছে বৃষ্টি। তবে চলতি সপ্তাহ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এদিকে আজ চট্টগ্রাম, সিলেটসহ ময়মনসিংহে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও আকাশ থাকবে মেঘলা। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকবে।
সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সৈয়দপুরে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানীর তাপমাত্রা ছিলো ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
গত কয়েকদিন ধরেই তাপদাহ আর অনিয়মিত বৃষ্টিতে ক্লান্ত হয়ে পড়েছে নগরবাসী। আকাশে মেঘ জমলেও দেখা নেই বৃষ্টির।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, ‘মৌসুমি বায়ুটা আমাদের দেশের ওপর কখনও সক্রিয় থাকে, আবার কখনও কম সক্রিয় থাকে। বর্তমানে এটা কম সক্রিয়। এ কারণে বৃষ্টি কম হচ্ছে। যখন এটা আবার সক্রিয় হবে আবার বৃষ্টি হবে এবং তাপপ্রবাহ অনেকটাই কমে যাবে।’
আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, সিলেট, বরিশাল, ময়মনসিংহসহ কয়েকটি এলাকায় রয়েছে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। আর কোথাও কোথাও আকাশ থাকবে মেঘলা।
সাগরে নিম্নচাপের সৃষ্টি হলেই সারাদেশেই একযোগে বৃষ্টি বাড়বে এমন তথ্য আবহাওয়া অফিসের।