শীত কি আবার ফিরছে? যা জানাল আবহাওয়া অধিদপ্তর

কাগজে-কলমে এখনো চলছে শীতকাল। কিন্তু ঢাকার আবহাওয়া দেখে তা মনে না হওয়াই স্বাভাবিক। শীতের আমেজ খুব একটা পাওয়া যাচ্ছে না। আবহাওয়ার পূর্বাভাসও বলছে, রাজধানীতে শীত ফেরার আপাতত কোনো সম্ভাবনা নেই।

বুধবার সকালে দেওয়া এক বার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী দুই-তিন দিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা বাড়তে পারে। আগামী পাঁচ দিনে তাপমাত্রা আরও বাড়বে।

পূর্বাভাসে আরও জানানো হয়, কিছু জায়গায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সারা দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের দুই-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে পূর্বাভাসে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের বিভিন্ন এলাকায় শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।