৯ মাস সেন্টমার্টিনে বন্ধ থাকছে পর্যটক ভ্রমণ

পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ নয় মাসের জন্য বন্ধ করেছে সরকার। আজ ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হচ্ছে সরকারের এই সিদ্ধান্ত।

ইতোপূর্বে নেওয়া মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ জানুয়ারি এই মৌসুমের পর্যটন কার্যক্রম শেষ হয়েছে সেন্টমার্টিনে। ফলে আজ (১ ফেব্রুয়ারি) থেকে সেখানে পর্যটকবাহী কোনো জাহাজ চলাচল করবে না। 

সাধারণত প্রতি বছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াতের অনুমতি থাকে। তবে এ বছর পরিবেশগত ঝুঁকি বিবেচনায় সময়সীমা কমিয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। 

এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজিব জানান, শনিবারই শেষবারের মতো সেন্টমার্টিনগামী জাহাজগুলো পর্যটকদের নিয়ে দ্বীপে গিয়েছিল। আজ (রোববার) থেকে পর্যটকবাহী কোনো জাহাজ চলাচল করতে পারবেনা। 

এদিকে পর্যটন বন্ধের সিদ্ধান্তে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। তাদের দাবি, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। উল্লেখ্য, এবারের মৌসুমে ১ লাখ ২০ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমনের সুযোগ পেয়েছে।