গরম কমার সম্ভাবনা নেই, দুই বিভাগে বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান তাপপ্রবাহ আজও অপরিবর্তিত থাকবে। সিলেট ও রংপুর বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তাপপ্রবাহের পরিধি বাড়তে পারে।

সংস্থাটি জানায়, বুধবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮০ শতাংশ।

নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখে তীব্র রোদ ও গরমের দাপট ছিল। আজও রাজশাহীসহ বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ, যা অব্যাহত থাকতে পারে। তাপপ্রবাহ নতুন এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। এ ছাড়া সিলেট ও রংপুর বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।