দেশের বিভিন্ন এলাকায় তীব্র গরম অনুভূত হচ্ছে। এর মধ্যেই আবহাওয়া অফিস ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে। কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টিও।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শুক্রবার ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, ওই তিন বিভাগ ছাড়াও দেশের অন্যান্য বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটি এবং কুষ্টিয়ার কুমারখালীতে, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর ডিমলায়, ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া কয়েকটি স্থানে বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে যশোরে, ১৬ মিলিমিটার এবং গোপালগঞ্জে ১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর বাইরে রংপুরের বাজারহাট ও ভোলাতেও ১১ মিলিমিটার করে বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, যখনই কোনো স্থানের তাপমাত্রা বেড়ে যায়, তখন সেই তাপমাত্রা প্রশমিত হওয়ার জন্য শিলাবৃষ্টি হয়ে থাকে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, সাধারণত এপ্রিল ও মে মাসে সিলেটসহ দেশের কোনো কোনো অঞ্চলে মেঘের উচ্চতা ১২ কিলোমিটারের ওপরে চলে যায়। তখন সেটি শিলা আকারে পড়ে। আর শিলাবৃষ্টি হওয়া মানে সেখানে বজ্রপাত থাকবে।