বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

এ সপ্তাহের পুরোটা সময় দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার সংস্থাটির দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই পূর্বাভাস দেওয়া হয়। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টি অপেক্ষাকৃত বেশি হতে পারে দক্ষিণ-পূর্বে এবং উত্তর-পূর্বের বৃহত্তর সিলেটে। আর রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টি অপেক্ষাকৃত কম হতে পারে।

গতকাল শনিবার রাজধানীসহ দেশের প্রায় সব এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হয়েছে। বেশি বৃষ্টি হয়েছে বৃহত্তর সিলেটে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৬২ মিলিমিটার। এ ছাড়া রাজধানীতে ২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। 

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সকাল ৬টায় ঢাকার বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। দুপুরে বা বিকেলের দিকে রাজধানীতে বৃষ্টির সামান্য সম্ভাবনা আছে।