তীব্র গরমে পুড়ছে ইউরোপ, ৪ দেশে রেড অ্যালার্ট

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ। ফ্রান্স, যুক্তরাজ্যসহ পশ্চিম ইউরোপের ৪ দেশে জারি আছে রেড অ্যালার্ট। প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎ বিভ্রাটে নাকাল লাখো মানুষ। এ পর্যন্ত ফ্রান্সে পানিতে ডুবে ৪৮ জন ও স্পেনে হিটস্ট্রোকে ২ জনের মৃত্যু হয়েছে। আগামী সপ্তাহে এই তাপপ্রবাহ পূর্ব ইউরোপেও ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রচণ্ড তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন ও ইতালির মতো দেশগুলো। পরিস্থিতি মোকাবিলায় চার দেশের বিভিন্ন এলাকায় জারি হয়েছে সতর্কতা। বিদ্যুৎ ও রেল যোগাযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় ভোগান্তি আরও বেড়েছে। তাপপ্রবাহের প্রকোপে প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন।

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পিসোস শহরে জুনের সর্বোচ্চ ৪৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। প্রচণ্ড গরমে ট্রান্সফরমার অকেজো হয়ে ও ওভারলোডের কারণে পশ্চিমাঞ্চলের এক লাখেরও বেশি পরিবার বিদ্যুৎ বিভ্রাটে পড়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে আইফেল টাওয়ার। সপ্তাহের শেষে ফ্রান্সের ৫৮টি এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারির কথা রয়েছে।

ফ্রান্সের এক নারী বলেন, ‘অনেকেই দূর-দূরান্ত থেকে আইফেল টাওয়ারে উঠতে এসেছে। হয়তো এটি বন্ধ করার পেছনে যৌক্তিক কারণ আছে। তবে তারা চাইলে রাতে টাওয়ার চালু রাখতে পারত।’

আরেকজন বলেন, ‘ব্রাজিলের চেয়ে এখানকার পরিবেশটা আলাদা। এখানে মানুষজন ঠান্ডা ও আর্দ্র আবহাওয়ায় অভ্যস্ত। তাই গরমে সবাই অতিষ্ঠ হয়ে উঠেছে।’

যুক্তরাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গরমের কারণে বন্ধ রাখা হয়েছে এক হাজারের বেশি স্কুল। বুধবার লন্ডনে জাতিসংঘের তাপমাত্রা মোকাবিলায় করণীয় সম্পর্কিত অনুষ্ঠান বাতিল করা হয়।

এই তাপপ্রবাহ পূর্ব ইউরোপে বিস্তৃত হতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। শুক্রবার নেদারল্যান্ডস ও বেলজিয়ামে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার আশঙ্কা রয়েছে।

সপ্তাহের শুরুতেই জার্মানিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। এরই মধ্যে পোল্যান্ড, ক্রোয়েশিয়া ও হাঙ্গেরিসহ বিভিন্ন দেশে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, আগামী সপ্তাহের শেষে আটলান্টিক থেকে আসা শীতল বাতাসের প্রভাবে সাহারা মরুভূমির গরম বাতাসের প্রবাহ প্রশমিত হবে। যার মাধ্যমে জনজীবনে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।