টানা ভারী বৃষ্টিপাত এবং উজানের ঢলের কারণে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নতুন করে আরও কয়েকটি জেলায় বন্যার সতর্কতা দেওয়া হয়েছে। রোববার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ সতর্কতা দিয়েছে।
বিপৎসীমার ওপর দিয়ে বইছে ৫টি স্টেশনের পানি। সাঙ্গু নদীর (বান্দরবান) ও দোহাজারী (চট্টগ্রাম); কুশিয়ারা নদীর মারকুলি (সুনামগঞ্জ) ও ফেঞ্চুগঞ্জ (সিলেট); সোমেশ্বরী নদীর কলমাকান্দা (নেত্রকোণা) স্টেশন।
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি; উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ; উত্তরাঞ্চলীয় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি অথবা কিছুটা অবনতি হতে পারে।
এদিকে আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু, মাতামুহুরী এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই নদী সংলগ্ন নিম্নাঞ্চলসমূহে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।