নভেম্বরে খুলছে সেন্ট মার্টিন, দিতে হবে ফি

আগামী ১ নভেম্বর থেকে খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা যাতায়াত করতে পারবে। দিনে সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক যেতে পারবেন এবং দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি।

রোববার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আগামী ১ নভেম্বর ২০২৬ তারিখ থেকে ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত পর্যটকরা সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াত করতে পারবেন। গত ১২ অক্টোবর পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকের সংখ্যা প্রতিদিন গড়ে ৩ হাজার ৫০০ জনের বেশি হতে পারবে না। পর্যটকবাহী নৌযানের ক্ষেত্রে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে অনুমোদিত জাহাজে চলাচল অব্যাহত থাকবে। তবে মন্ত্রণালয়ের অনুমোদন ব্যতীত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং নৌপরিবহন অধিদপ্তর চলাচলের অনুমতি দিতে পারবে না।

এ ছাড়া পর্যটকপ্রতি ১০০ টাকা ‘পরিবেশ সংরক্ষণ ফি’ দিতে হবে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর ‘ইসিএ ব্যবস্থাপনা বিধিমালা ২০১৬’-এর বিধি-২৬ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

চিঠিতে আরও বলা হয়েছে, গত বছরের ২২ অক্টোবর মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের সকল নির্দেশনা বলবৎ থাকবে। এসব সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার জেলা প্রশাসন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, কক্সবাজারের পুলিশ সুপার এবং ট্যুরিস্ট পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।