বঙ্গোপসাগরের লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে রোববার

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপটি রোববার রাতে নিম্নচাপে পরিণত হতে যাচ্ছে। যা পরে ঘূর্ণিঝড়-আকভানে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এর গতিপথ এখনো স্পষ্ট নয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে ১৮ নভেম্বর থেকে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর ফলে দেশে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। 

মাঝ নভেম্বর, ঘূর্ণিঝড় সিডরের কথা মনে করিয়ে দেয়। ২০০৭ সালের ১৫ নভেম্বর ২২৩ কিলোমিটার বেগে ক্যাটাগরি ৫ মাত্রার এই ঝড় আছড়ে পড়ে দক্ষিণ পশ্চিম উপকূলে। প্রাণ যায় প্রায় ১৫ হাজার মানুষের। 

আর ১৯৭০ সালের ১২ নভেম্বর ভোলা সাইক্লোনে, ত্রিশ ফুট জলোচ্ছ্বাসে প্রাণ যায় কয়েক লাখ মানুষের। তাই নভেম্বর এলেই উত্তাল বঙ্গোপসাগর আতংক ছড়ায়।

এ বছরও প্রায় একই সময় বঙ্গোপসাগরে একটি ঘর্ণিঝড়ের শঙ্কা দেখা দিয়েছে। গভীর লঘুচাপটির প্রাথমিক গাণিতিক বিশ্লেষণ বলছে, এটি আপাতত উত্তর -পশ্চিম দিকে এগোচ্ছে। যা অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গসহ বাংলাদেশের দক্ষিণ পূর্ব অংশের দিকেও অগ্রসর হতে পারে।

আবহাওয়াবিদ খন্দকার হাফিজ আহমেদ বলেন, ‌‘১৮ নভেম্বরের পর সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সাথে কিছু এলাকায় মৌসুমের  প্রথম শৈত্যপ্রবাহ অনুভূত হতে পারে।’

গভীর লঘুচাপ সৃষ্টি হওয়ায় শনিবার আবহাওয়ার বিশেষ বার্তায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে মাছ ধরতে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।