আগামী বৃহস্পতিবার তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নেবে আকভান। যা শুক্রবার দুপুরের পর স্থলভাগে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টি উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এর গতিপথ বাংলাদেশের দিকে নেই; ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা বেশি।
ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ৮৮ কিলোমিটার পর্যন্ত উঠছে। তাই গভীর সাগর ভীষণ উত্তাল। চট্টগ্রাম,কক্সবাাজার, মোংলা, পায়রা সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তাই উত্তর বঙ্গোপসাগরের মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে উপকূলের আশপাশে থাকতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ ড. ওমর ফারুক জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার থেকে উপকূল এলাকায় বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। যা পরে দেশের মধ্যাঞ্চলে বিস্তৃত হতে পারে। বৃষ্টি কমে গেলেই কিছু এলাকায় শীতের প্রকোপ বাড়বে। কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহও দেখা দিতে পারে।