চট্টগ্রামে পৌঁছেছে শিশুদের জীবনরক্ষাকারী ৩ ধরনের টিকা

অবশেষে চট্টগ্রামে পৌঁছেছে শিশুদের জীবনরক্ষাকারী তিন ধরনের টিকা। স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, অস্থিতিশীল পরিস্থিতিতে এসব বিদেশি টিকার সরবরাহ ব্যাহত হয়েছিল। এখন টিকা চট্টগ্রামে এসেছে। সংকট কেটেছে।

বেশ কিছুদিন ধরে চট্টগ্রামে শিশুদের জীবনরক্ষাকারী ওইসব টিকার সংকট দেখা দেয়। এতে হুমকির মুখে পড়ে আড়াই লাখ শিশুর স্বাস্থ্য সুরক্ষা। ফলে চরম উদ্বিগ্ন হয়ে ওঠেন অভিভাবকরা। 

শিশুদের মারাত্মক ডিপথেরিয়া, হুপিং কফ ও ধনুষ্টংকারের প্রতিরোধে পেন্টাভ্যালেন্ট, নিউমোনিয়া প্রতিরোধে পিসিভি এবং পোলিও প্রতিরোধে দেওয়া হয় আইপিভি টিকা। শুন্য থেকে ১০ মাস বয়সী শিশুর জীবন রক্ষায় প্রয়োজন এসব প্রতিষেধক। কিন্তু চট্টগ্রামে অন্তত একমাস ধরে কোনো টিকাদানকেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে মিলছিল না এসব বিনামূল্যের টিকা।

চিকিৎসকেরা জানিয়েছিলেন, সময়মতো এসব টিকা না দিলে নবজাতক ও শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাহত হতে পারে। এতে সামান্য ভাইরাসেই আক্রান্তের শঙ্কাও রয়েছে শিশুদের।

স্বাস্থ্য বিভাগ বলছে, দেশের বাইরে থেকে আনতে হয় শিশুদের ব্যয়বহুল এই টিকা। দেশের অস্থির পরিস্থিতির কারণে এতদিন এই টিকা আনা যায়নি। পরিস্থিতি ভালো হওয়ায় ইতোমধ্যে পর্যাপ্ত টিকা চট্টগ্রামে এসে গেছে। বেশকিছু পাঠানোও হয়েছে কিছু কেন্দ্রে। সহসা সবখানে টিকা পাওয়া যাবে। গত ২৫ জুলাই থেকে সংকট চলছিল টিকার।

স্বাস্থ্যবিভাগের তথ্যমতে, চট্টগ্রাম সিটি করপোরেশন ও উপজেলায় বছরে চাহিদা ২ লাখ ৬৭ হাজার ৪৩ ডোজ টিকার। আর মাসে দরকার ২১ হাজার ৪২১ ডোজ।