নাভানা ফার্মা ও জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল যৌথভাবে শুরু থেকেই বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। তৃতীয়বারের মতো ডাক্তার ও নার্সসহ মোট ৪০ জনের একটি মেডিকেল টিম ফেনীর ছাগলনাইয়ার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহস্রাধিক বন্যার্তদের মাঝে ডাক্তারি সেবা দেওয়ার পাশাপাশি স্যালাইন, শুকনা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করেন।
রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়াও শিশুদের মাঝে খেলাধুলার সামগ্রী, খাতা-কলম, রং পেন্সিল ইত্যাদি বিতরণ করা হয় এবং বন্যার পানিতে নষ্ট হয়ে যাওয়ায় কয়েকটি মসজিদে কুরআন শরীফ দেওয়া হয়।
নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি'র ব্যাবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. জোনাইদ শফিক বলেন, ‘বন্যা পরবর্তী মানসিক স্বাস্থ্যর কথা বিবেচনা করে অন্যান্য ত্রান ও মেডিকেল সেবার পাশাপাশি আমরা শিশুদেরকে খেলার সামগ্রী ও শিক্ষা সামগ্রী দিয়েছি।’
এসময় শিশুদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন তিনি। বন্যার্তদের জন্য নাভানার এই কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।