বর্তমানে সুস্থ থাকার জন্য মানুষ কতই কিছুই না করছে। কেউ কেউ ওজন কমানোর জন্য খাচ্ছেন এক ধরনের খাবার। আবার কেউবা ডায়েটের জন্য খেয়ে থাকেন বিভিন্ন পুষ্টিকর উপাদান। এমন অনেকেই আছেন, যারা সুস্থতার জন্য ডাবের পানিতে চিয়া সিড মিশিয়ে খান।
অনেকেই আছেন যারা পানির সঙ্গে চিয়া সিড মিশিয়ে খান। তবে ডাবের পানির সঙ্গে চিয়া সিডের মিশিয়েও পান করা যেতে পারে। এতে উপকার পাবেন বেশি। কারণ দুটিতে রয়েছে পুষ্টিকর উপাদান। চিয়া সিড আর ডাবের পানিতে যেসব উপাদান রয়েছে, সেসব স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। তাই চিয়া সিড আর ডাবের পানি একত্রে পান করলে পাবেন স্বাস্থ্যকর কিছু গুরুত্বপূর্ণ উপাদান।
চিয়া সিডকে পুষ্টির পাওয়ার হাউস বলা হয়। এতে রয়েছে ওমেগা ৩, ফাইবার, অ্যান্টি–অক্সিডেন্ট এবং ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড। চিয়া সিড শরীরে খারাপ কোলেস্টেরল কমায়। পাশাপাশি রক্তচাপ, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও কমায়। চিয়া সিডে প্রোটিন থাকে। শরীরের পেশির সুস্থতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য প্রোটিন অপরিহার্য।
ডাবের পানি শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে। শরীর থেকে দূষিত পদার্থ বের করতেও সাহায্য করে ডাবের পানি। ডাবের পানির ইলেক্ট্রোলাইট উপাদান শরীরের পানিশূন্যতা দূর করে। পাশাপাশি শরীরকে আর্দ্র রাখে। এ ছাড়া ডাবের পানি হার্টের স্বাস্থ্য ভালো রাখে। পাশাপাশি উচ্চ রক্তচাপ কমায় এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখে।
আসুন জেনে নিন, ডাবের পানির সঙ্গে চিয়া সিড মিশিয়ে পান করলে কী কী উপকার পাবেন।
১. ডাবের পানির ইলেক্ট্রোলাইট উপাদান শরীরের পানির অভাব পূরণ করে। অন্যদিকে চিয়া সিড হজম ক্ষমতা বাড়ায়। ফলে ডাবের পানিতে যদি চিয়া সিড ভিজিয়ে খান তাহলে ওজন নিয়ন্ত্রণে থাকবে।
২. চিয়া সিডে যেমন ফাইবারের পরিমাণ বেশি থাকে, তেমনি ডাবের পানিতে ফাইবার থাকে। ফলে এই দুই উপাদান একসঙ্গে খেলে শরীরে পর্যাপ্ত পরিমাণে ফাইবার পৌঁছাবে। আর এতে হজম শক্তি ভালো হবে।
৩. চিয়া সিডের ন্যায় ডাবের পানিতেও অ্যান্টি–অক্সিড্যান্ট থাকে। যা শরীরের অক্সিডেটিভ স্ট্রেস হরমোনের নিঃসরণ কমায়। ফলে এতে মানসিক শান্তি পেতে পারেন।
৪. প্রতিদিনের কাজের চাপে আমরা কমবেশি ক্লান্ত হয়ে পড়ি। চিয়া সিড ও ডাবের পানি একত্রে পান করলে শরীর সতেজ থাকবে। এতে সহজেই ক্লান্ত হয়ে পড়বেন না।
৫. চিয়া সিডে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস, যা হাড় ও দাঁত ভালো রাখে। ডাবের পানিতে প্রচুর ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম রয়েছে। যা নখের ভঙ্গুরতা দূর করতে সাহায্য করে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া