সত্যিই কি লেবুপাতা ওজন কমায়?

যারা ডায়েটের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের অনেকেই সকালে খালি পেটে পানির সঙ্গে লেবুর রস মিশিয়ে পান করে থাকেন। সবুজ রঙের এই টক ফলটি নিউট্রিয়েন্টস, অ্যান্টি-অক্সিডেন্টস এবং বায়ো-অ্যাকটিভ উপাদানে ভরপুর।

তবে অনেকেই জানেন না, ফলের মতো লেবুর পাতাও দারুণ উপকারী। চলুন জেনে নেওয়া যাক, লেবু পাতার অসাধারণ কিছু গুণাগুণের কথা।

হজমে সহায়তা করে 
যদি দিনের পর দিন খাবার হজমের সমস্যায় পড়েন? তাহলে প্রতিদিনের খাদ্যতালিকায় যোগ করুন লেবু পাতা। ওষুধ ছাড়াই বদহজম, পেট ফাঁপা, গ্যাসের সমস্যা দূর হবে। লেবু পাতার রস এমন এনজাইম তৈরিতে সাহায্য করে, যা শরীরের জন্য খাবারকে সহজপাচ্য করে তোলে। পাশাপাশি লেবু পাতায় অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা অন্ত্রের ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে।

ওজন কমাতে পারে 
ওজন কমাতে খালি পেটে লেবু-পানি নিশ্চয়ই খাচ্ছেন। এবার সঙ্গে যোগ করুন লেবুর পাতাও। লেবু পাতা শরীরের মেটাবলিজমকে গতিশীল করার ক্ষমতা রাখে। মেটাবলিজম হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে খাবারের মধ্যে থাকা উপাদান শক্তিতে রূপান্তরিত হয়। এটি দ্রুত এবং গতিশীল হলে শরীর দ্রুত ক্যালরি বার্ন করে শক্তি অর্জন করার উপযোগী হবে।

বার্ধক্যের ছাপ প্রতিরোধ করে 
লেবুর মতো এর পাতাও ত্বক-চুলের জন্য উপকারী। লেবু পাতার রস অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি সমৃদ্ধ, যা সহজে বয়সের ছাপ পড়তে দেয় না। এ ছাড়া এটি দাগছোপ হালকা করতে এবং ত্বককে মসৃণ ও উজ্জ্বল করতে পারে। ত্বকে প্রদাহ, জ্বালাপোড়া কিংবা সংক্রমণ থাকলে লেবু পাতার রস ব্যবহারে উপকার মিলতে পারে।

হাইড্রেটেড রাখে 
শীতে বাতাসের আর্দ্রতা কমে যায়। আবার ঠান্ডায় পানি কম পানের জন্য শরীরও পানিশূন্য হয়ে পড়ে। এ সময় লেবু পাতার রস দারুণ ভূমিকা রাখতে পারে। সকালে লেবু পাতা সেবন করলে সারাদিনের জন্য পানির চাহিদা পূরণ সম্ভব। এ ছাড়া এই পাতায় রয়েছে ডিটক্সিফাইং ইফেক্ট, যা শরীর থেকে দূষিত (টক্সিন) পদার্থ দূর করে এবং বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের সুস্থতা নিশ্চিত করে।

এ ছাড়া লেবুর পাতা বমি বমি ভাব দূর করতে সহায়ক। গর্ভাবস্থায় বা ভ্রমণের সময় তাই সঙ্গে রাখতে পারেন কয়েকটি সতেজ লেবুর পাতা। ঠান্ডা এ আবহাওয়ায় প্রতিদিন চাইলে লেবু পাতার চাও খেতে পারেন। 

সূত্র: দ্য হেলথ সাইট