ডেঙ্গুর পাশাপাশি চোখ রাঙাচ্ছে করোনা

ডেঙ্গুর পাশাপাশি চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। গত একমাসে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন। আর নতুন করে ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন ৪৩৩ জন। করোনায় আক্রান্ত বেশিরভাগই ঢাকার বাইরের। চিকিৎসকেরা বলছেন, ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে করোনার সংক্রমণ। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। 

গত এক মাসে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন সাড়ে ৬ হাজারের বেশি মানুষ। আর মারা গেছেন ২২ জন। ডেঙ্গুতে ঢাকায় আক্রান্তের চেয়ে বাইরের রোগীর সংখ্যাই বেশি। বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসছেন চিকিৎসা নিতে। 

রাজধানীর মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতাল। করোনার পাশাপাশি এই হাসপাতালে রয়েছে ডেঙ্গু রোগীও। এক মাসের ব্যবধানে এ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১০০ জনের বেশি। 

ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালের পরিচালক কর্নেল (ডা.) তানভীর আহমেদ বলেন, ‘ডেঙ্গিটা প্রতিবছর আসে জুলাইয়ের পর থেকে। অনেকসময় মাঝামাঝিও আসে। এবার একেবারে মধ্য জুন থেকে ডেঙ্গির প্রকোপ শুরু হয়েছে। এবং এই সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছেই।’

করোনায় আক্রান্ত রোগীও ভর্তি এই হাসপাতালে। কুমিল্লা, গাইবান্ধা, ময়মনসিংহ থেকেও উন্নত চিকিৎসার জন্য রোগীরা এসেছে। অক্সিজেন সাপোর্ট লাগছে বেশির ভাগ রোগীরই। 

কর্নেল (ডা.) তানভীর আহমেদ বলেন, ‘আমাদের এখানে ভর্তি অন্তত ৪০ শতাংশ রোগিকে অক্সিজেন দিতে হয়েছে। অনেকের ক্ষেত্রে করোনা ভয়াবহ রূপ নিচ্ছে। করোনায় আক্রান্ত হয়ে ভর্তি রোগির ৭০ ভাগের বেশি ঢাকার বাইরের।’

এ বছর করোনায় আক্রান্ত ৬১৭ জনের মধ্যে এক মাসেই শনাক্ত হয়েছে ৪৩৩ জনের। আর মারা গেছে ২৩ জন।