উন্নত চিকিৎসা নিতে চীনের দিকে ঝুঁকছে বাংলাদেশিরা

উন্নত চিকিৎসা নিতে চীনের দিকে ঝুঁকছে বাংলাদেশিরা। এর অন্যতম কারণ, প্রযুক্তি নির্ভর চিকিৎসা সেবা। রোগীরা বলছেন, ভাষা সমস্যা দূর হলে চিকিৎসার গন্তব্য হয়ে উঠতে পারে গুয়াংজু। চীনের সরকারি-বেসরকারি সব হাসপাতাল বাংলাদেশিদের জন্য উন্মুক্ত। স্বাস্থ্যখাত সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করতেও আগ্রহী তারা।

রাজনৈতিক পট পরিবর্তনের পর সীমিত হয়ে গেছে ভারতীয় ভিসা। তাই বিকল্প খুঁজছেন বাংলাদেশিরা। এই সুযোগে চিকিৎসার জন্য জনপ্রিয় হয়ে উঠছে চীন। 

গুয়াংজু শহরের ফসুন চ্যানচেং হাসপাতাল জানায়, গেল ৩ মাসে তিনশোর বেশি বাংলাদেশি সেখানে চিকিৎসা নিয়েছে। ব্যবসায়িক কাজের ফাঁকেও স্বাস্থ্য পরীক্ষা করছেন অনেকে। 

তবে দক্ষতা, আধুনিক প্রযুক্তি, বাংলাদেশি খাবারের ব্যবস্থা থাকলেও রয়েছে ভাষা সমস্যা।  হাসতাপাল কর্তৃপক্ষ বলছে, বিশ্বমানের চিকিৎসা দেয়াই প্রধান লক্ষ্য। বাংলাদেশের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের আগ্রহও রয়েছে। 

গুয়াংজু ফুসুন চ্যাংচেন হাসপাতালের পরিচালক হুয়াং জিয়াওটিং বলেন, টিউমার, ক্যানসারের মত চিকিৎসায় আমরা দক্ষ। কারণ, আমরা পশ্চিমা বিশ্বেরে উন্নত প্রযুক্তির সঙ্গে চীনের ঐতিহ্যবাহী পদ্ধতির সমন্বয় করেছি। আমরা এন্টিবায়োটিকের ওপর নির্ভরশীলতা কমিয়ে এনেছি। বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আমরা।

চীনা বিশেষজ্ঞরা বাংলাদেশেও চিকিৎসা দিতে পারে বলে জানান তিনি।