ক্যানসার আক্রান্ত শিশুদের নিয়ে আবেগঘন ভিডিও, কোটি কোটি টাকা আত্মসাৎ

বিশ্বজুড়ে ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য সংগৃহীত তহবিল নিয়ে চলছে বড় ধরনের প্রতারণা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ পেয়েছে।

এতে বলা হয়েছে, চিকিৎসার জন্য অনলাইনে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে শিশুদের ব্যবহার করে ভিডিও বানানো হয়, কিন্তু তা প্রচার করে পাওয়া তহবিলের বড় অংশ কখনোই ভুক্তভোগী পরিবারগুলোর কাছে পৌঁছায় না। এমনকি অনেক পরিবার জানতেনই না যে তাদের শিশুদের ছবি ও ভিডিও ব্যবহার করে অর্থ সংগ্রহের ক্যাম্পেইন চলছে।

বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে, অসুস্থ শিশুদের ব্যবহার করে আবেগঘন ভিডিওর মাধ্যমে অনলাইনে কোটি কোটি টাকা সংগ্রহ করা হলেও তার সামান্য অংশই পরিবারগুলো পাচ্ছে। প্রতিবেদনে দেখা গেছে, তিন থেকে নয় বছর বয়সী আবেগপ্রবণ চেহারার শিশুদের এই ভিডিওর জন্য বেছে নেওয়া হতো।

ফিলিপাইনের সাত বছর বয়সী খলিলের মা আলজিন তাবাসা জানান, তাঁর ছেলের মাথা ন্যাড়া করে এবং তাকে কৃত্রিমভাবে কাঁদিয়ে ভিডিও করা হয়েছিল। বলা হয়েছিল, এই ভিডিওর মাধ্যমে খলিলের ক্যানসার চিকিৎসার জন্য টাকা তোলা হবে। কিন্তু খলিলের নামে প্রায় ২৭ হাজার ডলার উঠলেও তার পরিবার পায় মাত্র ৭০০ ডলার। এক বছর পর খলিল মারা যায়। একই রকম অভিযোগ পাওয়া গেছে কলম্বিয়া, ইউক্রেনসহ বিভিন্ন দেশের অন্তত ১৫টি পরিবার থেকে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—যেসব শিশুর মৃত্যু হয়েছে, তাদের নামেও এখনো অনলাইনে টাকা সংগ্রহ চলছে।

বিবিসির পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তি ও সংগঠনগুলোর বক্তব্য জানতে চাওয়া হলেও কেউ সাড়া দেয়নি। তবে সবচেয়ে বেশি আন্তর্জাতিকভাবে ছড়ানো ক্যাম্পেইনগুলো ছিল ‘চান্স ফর হোপ’ নামের একটি সংগঠনের, যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে নিবন্ধিত। এসব সংস্থার স্বচ্ছতা নিশ্চিতে দাতাদের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।