হামে আক্রান্তদের বড় অংশের সংক্রমণ হাসপাতাল থেকে

রাজধানীর শিশু হাসপাতালে ভর্তি হাম রোগীদের ৬১ শতাংশের বয়স নয় মাসের কম। ৩০ শতাংশ নবজাতক বা ছয় মাসের কম বয়সী। আর ১৪ শতাংশের বয়স দুই বছরের ওপরে। বিশেষজ্ঞরা বলছেন, সুনির্দিষ্ট পরিসংখ্যান না থাকলেও আক্রান্তদের বড় অংশই অন্য রোগের চিকিৎসা নিতে এসে হাসপাতালে সংক্রমিত হচ্ছে।

শিশু হাসপাতালের হাম ইউনিটে ভর্তি ৩, ৪ ও ৫ নম্বর বেডের প্রত্যেক শিশুর বয়স নয় মাস। আর ৬ নম্বর বেডের লক্ষ্মীপুরের রাফিয়ার বয়স ১১ মাস।

৩ নম্বর বেডে ভর্তি মুনতাসীর কুষ্টিয়া ও ঢাকার হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এক মাসের বেশি সময় ধরে। আর ৫ ও ৬ নম্বর বেডের চাঁদপুরের ফরহাদ ও লক্ষ্মীপুরের রাফিয়ার অভিভাবকেরা জানান, দুই শিশুই ভুগছিল নিউমোনিয়াসহ নানা জটিলতায়। গত সপ্তাহে তারা হামে আক্রান্ত হয়।

একটি শিশুর অভিভাবক বলেন, ‘বুকে ইনফেকশন হয়ে গেছে। মস্তিষ্কে পানি জমেছে। এখন আগের চেয়ে কিছুটা সুস্থ। হাম ধরা পড়েছে চার দিন হলো।’

আরেক শিশুর মা বলেন, ‘নিউমোনিয়া নিয়ে এই হাসপাতালে ভর্তি করেছিলাম। ৪–৫ দিন পর হাম ধরা পড়েছে।’

হাসপাতালে রোগী ভর্তির তথ্যমতে, ৫০ শতাংশের বেশি শিশুর বয়স নয় মাসের কম। আর অধিকাংশই আক্রান্ত হচ্ছে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।

শিশু হাসপাতালের হাম ওয়ার্ডের রেজিস্ট্রার ডা. সাইফুল ইসলাম বলেন, ‘শিশুরা ইনফেকশন বা ক্রনিক হার্ট ডিজিজ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছে। এ সময় অন্য রোগীর সংস্পর্শে এসে তারা হামে আক্রান্ত হচ্ছে। এদের অবস্থাই বেশিরভাগ ক্ষেত্রে সংকটাপন্ন হচ্ছে। এক মাস পর আমরা জরিপ করলে বোঝা যাবে হাসপাতালে ভর্তি হওয়ার পর ঠিক কতজন আক্রান্ত হয়েছে।’

৬৮০ শয্যার শিশু হাসপাতালে মার্চ ও এপ্রিলে ২৭৯ জন হামের রোগী চিকিৎসা নিয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৮ জনের।