হাম প্রতিরোধে ‘জরুরি পরিস্থিতি’ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে চিকিৎসকদের সংগঠন-ডক্টরস প্লাটফর্ম ফর পিপলস হেলথ। শনিবার এক সংবাদ সম্মেলনে হাম মোকাবেলায় শক্তিশালী নজরদারি ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি জরুরি অপারেশন সেন্টার চালুর পরামর্শ দেন সংগঠনটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
দেশজুড়ে শিশুদের মধ্যে বাড়ছে হামের প্রকোপ। হাসপাতালের জরুরি বিভাগগুলোতে প্রতিদিন বাড়ছে জ্বর, সর্দি ও কাশি নিয়ে ভর্তি হওয়া শিশুদের সংখ্যা। গত এক মাসেই মারা গেছে দুই শতাধিক শিশু। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ হাজার।
শনিবার হাম পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে চিকিৎসকদের সংগঠন- ডক্টরস প্লাটফর্ম ফর পিপলস হেলথ। হাম নিয়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করতে সরকারের প্রতি দাবি জানান সংগঠনের সদস্যরা।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, ‘সরকার এরইমধ্যে চিকিৎসকদের ছুটি বাতিলসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দিচ্ছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে পরিস্থিতিকে জরুরি হিসেবে ঘোষণা করা হয়নি।’
চিকিৎসকরা বলেন, হামে মৃত্যুর সংখ্যা কমাতে জরুরি অপারেশন সেন্টার চালুর পাশাপাশি টিকাদান কর্মসূচি জোরদার করতে হবে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু মুহাম্মদ জাকির হোসেন বলেন, ‘হাম অত্যন্ত দ্রুত ছড়ায় এবং টিকা দেওয়ার পর কার্যকারিতা পেতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। তাই পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের সেবা প্রান্তিক পর্যায়ে সম্প্রসারণ জরুরি।’
প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা জোরদার করতে সরকারের প্রতি আহ্বান জানান ডক্টরস প্লাটফর্ম ফর পিপলস হেলথের সংগঠকরা।