হামের এন্টিবডি তৈরি হতে ২০ জুন পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন। এছাড়া ডেঙ্গু মৌসুম সামনে রেখে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।
আজ সোমবার সচিবালয়ের এক ব্রিফিংয়ে এসব কথা কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কারণ দর্শানোর-নোটিশের জবাব দিতে আদ-দ্বীন হাসপাতালকে আরও ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এর আগে প্রাথমিক তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির প্রমাণ পাওয়ায় হাসপাতালের লাইসেন্স কেন বাতিল হবে না, তা জানতে চেয়ে ৭২ ঘণ্টার সময় বেঁধে দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে আরও ৪৮ ঘণ্টার সময় চেয়ে আবেদন করলে সময় বাড়ানোর কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।
এছাড়া সারা দেশে আন্দোলনরত চিকিৎসকদের দাবির গ্রহণযোগ্যতা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। মন্ত্রী আরও বলেন, বিগত সরকার স্বাস্থ্য সেবার সরঞ্জামের বড় সংকট তৈরি করে গেছে।