হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, এ পর্যন্ত প্রাণহানি ৭৭৯

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি বেড়ে ৭৭৯ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯৭ জনের হাম শনাক্ত হয়েছে, এ নিয়ে মোট হাম আক্রান্ত ১৪ হাজার ১০৪। 

গত ২৪ ঘণ্টায় ৯৭৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ১৫ হাজার ১৩৮ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭ হাজার ৮১৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৯৪ হাজার ২৭৫ জন।