বাংলাদেশের জেলা ও মফস্বল শহরগুলোতে উন্নত ডায়াগনস্টিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি চালু করেছে উইপ্রো জিই হেলথকেয়ার। কর্মসূচির আওতায় চিকিৎসকদের আধুনিক আল্ট্রাসাউন্ড প্রযুক্তির ব্যবহার, পণ্য প্রদর্শনী ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
বগুড়া থেকে শুরু হওয়া এ কর্মসূচি আগামী তিন মাসে দেশের ২০টির বেশি জেলায় পরিচালিত হবে। বিভিন্ন অঞ্চলের চিকিৎসক ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের নিয়ে ইন্টারঅ্যাকটিভ প্রোডাক্ট ডেমো এবং শিক্ষামূলক সেশনের পাশাপাশি স্থানীয় স্বাস্থ্যসেবা খাতের চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান নিয়েও আলোচনা করা হবে।
উইপ্রো জিই হেলথকেয়ারের আল্ট্রাসাউন্ড বিভাগের বিজনেস হেড অনুপ কুমার রামচন্দ্রন বলেন, “মানসম্পন্ন স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি একটি অধিকার। ‘হেলথ এক্সপ্রেস’-এর মাধ্যমে মাঠপর্যায়ের চিকিৎসকদের সঙ্গে সরাসরি কাজ করে উন্নত প্রযুক্তি ও জ্ঞান পৌঁছে দিতে চাই আমরা।”
প্রতিষ্ঠানটির দাবি, এ উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে আধুনিক ডায়াগনস্টিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং চিকিৎসকদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো সম্ভব হবে।