সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এ রোগে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১২১ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩১৪ জন, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ ভর্তির রেকর্ড।
উল্লেখ্য, একদিনে হাসপাতালে ভর্তির এর আগের রেকর্ডটি হয়েছিল গতকালই। সেদিন নতুন রোগী ভর্তি হয়েছিল ১ হাজার ৫৫৮ জন।
সার্বিকভাবে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। তবে অন্যান্য বিভাগেও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে।
এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে ডেঙ্গুতে মোট আক্রান্তের যে তথ্য পাওয়া যায়, আদতে সংখ্যাটা তার চেয়েও বড়। কারণ আক্রান্তদের একটি বড় অংশই হাসপাতালে ভর্তি না হয়ে বাড়িতে থেকে চিকিৎসা নেন।