হামের উপসর্গে গত ২৪ ঘন্টায় আরও ২ জনের প্রাণহানি হয়েছে। এতে করে গত ১৫ মার্চের পর থেকে দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৯৯৯ জনে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১২৩৬ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৩৫৯ জন। এর মধ্যে ১ লাখ ৪০ হাজার ৮৫০ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে ১ জন এবং বরিশাল বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে। তবে আক্রান্তের দিক থেকে শীর্ষে আছে ঢাকা বিভাগ, যেখানে একদিনে আক্রান্ত হয়েছে ৪১৭ জন। এর পরেই আছে চট্টগ্রামে ২৫৬ জন এবং সিলেটে ১৫০ জন। বরিশালে আক্রান্ত হয়েছে ১২৫ জন।
উল্লেখ্য, গত মার্চ মাস থেকেই দেশে হামের প্রকোপ বাড়তে শুরু করে। এরইমধ্যে টিকাদান কার্যক্রমও পরিচালনা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু প্রাদুর্ভাব শুরু হওয়ার প্রায় ৬ মাস পরও হাম ও হামের উপসর্গে আক্রান্ত ও মৃত্যু পুরোপুরি বন্ধ করা যায়নি।