সংস্কারের অভাবে বেহাল ঝালকাঠির ৩০টি কমিউনিটি ক্লিনিক। বেশিরভাগ ভবনের ছাদ ও দেয়াল থেকে খসে পড়ছে পলেস্তারা, দেবে গেছে মেঝে। ব্যবহার অনুপযোগী টয়লেট, নেই পানি সরবরাহ। ঝুঁকিপূর্ণ ভবনেই প্রতিদিন স্বাস্থ্যসেবা দিতে হচ্ছে কমিউনিটি হেলথ কেয়ার কর্মীদের। ফলে, ঝুঁকিতে পড়ছেন স্বাস্থ্যকর্মীরা, ব্যাহত হচ্ছে নিরাপদ স্বাস্থ্যসেবা।
খোঁজ নিয়ে জানা গেছে, ঝালকাঠিতে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবায় নির্মিত ৯৭টি কমিউনিটি ক্লিনিকের বেশিরভাগের অবস্থাই বেহাল। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খসে পড়ছে জরাজীর্ণ ভবনের ছাদ ও দেয়ালের পলেস্তারা। দেবে যাওয়া মেঝে, ভাঙা দরজা-জানালা, ব্যবহার অনুপযোগী টয়লেট ও পানির সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা।
৩০টি কমিউনিটি ক্লিনিককে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য প্রকৌশল বিভাগ। বৃষ্টি ও জোয়ারে মেঝেতে পানি জমায় বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। শুধু বেহাল ভবন নয়, দীর্ঘদিন প্রয়োজনীয় ওষুধ সরবরাহ বন্ধ থাকার কারণেও বিপাকে পড়ছেন স্বাস্থ্যকর্মীরা।
ঝালকাঠির সিভিল সার্জন মোহাম্মদ হুমায়ুন কবীর জানান, ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছে স্বাস্থ্যকর্মীরা। ভবন পুনর্নির্মাণ হলে সেবা উন্নত করা যাবে।
ঝালকাঠির স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শৈলেন্দ্র নাথ মন্ডল জানান, বেহাল ৩০টি ক্লিনিক ভবন পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
নিরাপদ পরিবেশে সেবা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে নতুন ভবন নির্মাণের তাগিদ সংশ্লিষ্টদের।