অনেকে মনে করেন চিনির পরিবর্তে কৃত্রিম চিনি বা অ্যাসপারটেম সুইটেনার খাওয়া ভালো। তবে কৃত্রিম চিনিও কিন্তু শরীরের জন্য কম ক্ষতিকর না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনে থাকা একটি কমিটির পক্ষ থেকে দাবি করা হয়, ক্যানসার সৃষ্টির জন্য দায়ী হতে পারে কৃত্রিম চিনি।
অ্যাসপারটেম সুইটেনার এখনও পর্যন্ত সম্ভাব্য কারসিনোজেন (যা ক্যানসার সৃষ্টির জন্য দায়ী) তালিকায় রাখা হয়েছে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, কৃত্রিম চিনিই যে ক্যানসারের কারণ, এর সপক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া যায়নি এখনও। সম্পূর্ণ তথ্য প্রমাণ না পাওয়া পর্যন্ত একে সম্ভাব্যের তালিকাতেই রাখা হয়েছে।
কোমল পানীয় থেকে চুইংগাম, বাজারজাত অধিকাংশ মিষ্টিজাতীয় খাবারের মধ্যেই থাকে অ্যাসপারটেম। বিশ্বে বিভিন্ন দেশে এই কৃত্রিম চিনি প্রায় সবরকম মিষ্টি খাবারেই ব্যবহার করা হয়।
কৃত্রিম চিনি কতটুকু খাওয়া উচিত
কৃত্রিম চিনি বা অ্যাসপারটেম সুইটেনার কতটুকু খাওয়া উচিত, তার একটি পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে আগেই নির্ধারিত করা হয়েছিল। দিনে একজন ব্যক্তির শরীরের ওজন অনুযায়ী প্রতি এক কেজিতে ৪০ মিলিগ্রামের বেশি অ্যাসপারটেম প্রবেশ করলে বড়সড় ক্ষতির আশঙ্কা থাকে। প্রতিদিনের এই পরিমাপটি আপাতত মেনে চলতে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বেশিরভাগ মানুষই যতটুকু মাত্রায় খাওয়া নিরাপদ, তার চেয়ে কম পরিমাণে অ্যাসপারটেম সুইটেনার গ্রহণ করে থাকে। তবে যারা বেশি মাত্রায় এই কৃত্রিম চিনি গ্রহণ করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের এর পরিমাণ কমিয়ে আনার পরামর্শ দিয়েছে।
যেসব বিষয়ে সচেতন থাকবেন
যারা নিয়মিত কৃত্রিম চিনি খান, তাদের কিছু বিষয় সচেতন থাকতে হবে। এ বিষয়ে বেশ কয়েকটি পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
কৃত্রিম চিনিযুক্ত খাবার বা পানীয় পানের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। হাইড্রেটেড থাকা স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। যারা নিয়মিত কৃত্রিম চিনি খান, তাদের জন্য হাইড্রেটেড থাকা আরও জরুরি।
পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন থাকুন
অনেকের নির্দিষ্ট কিছু কৃত্রিম চিনিতে হজমে অস্বস্তি বা অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। তাই নিজের শরীরের সহনশীলতা সম্পর্কে সচেতন থাকতে হবে। কৃত্রিম চিনিতে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে একজন বিশেষজ্ঞ বা নিবন্ধিত ডায়েটিশিয়ানের সাথে আলোচনা করুন।
দাঁতের যত্ন নিন
কৃত্রিম চিনি সাধারণ চিনির মতোই দাঁতের ক্ষতি করতে পারে। তাই নিয়মিত দাঁত ব্রাশ এবং ফ্লসিং করতে হবে। সমস্যা না হলেও বছরে অন্তত একবার চিকিৎসকের পরামর্শ নিন।
প্রাকৃতিক বিকল্প বিবেচনা করুন
কৃত্রিম চিনির অ্যাসপারটেম সুইটেনারের পরিবর্তে প্রাকৃতিক বিকল্প বিবেচনা করুন। ফলের রসের মতো প্রাকৃতিক বিকল্পগুলোকে খাদ্যতালিকায় রাখুন।
তথ্যসূত্র: ডব্লিউএইচও, হিন্দুস্তান টাইমস