আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার গুলশান শাখায় উদ্বোধন করা হলো শিল্পী কাজী সালাহউদ্দিন আহমেদের একক মিনিয়েচার চিত্র প্রদর্শনী ‘সিটি অব মেমোরিস’। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে চিলির সম্মানিত কনসাল আসিফ এ চৌধুরী। শিল্পীর ১৪০টি মিনিয়েচার চিত্রকর্ম নিয়ে সাজানো হয়েছে এবারের প্রদর্শনী। যা তাঁর সাম্প্রতিক শিল্পভাবনা ও ব্যক্তিগত অভিব্যক্তির স্বতন্ত্র রূপকে দর্শকদের সামনে তুলে ধরছে।
প্রদর্শনীর মূল অনুপ্রেরণা পুরান ঢাকা। ঐতিহাসিক, সাংস্কৃতিক ও সামাজিক স্মৃতির এক ঘনবসতিপূর্ণ জগৎ। মুঘল আমল থেকে বিকশিত এই পুরোনো শহর ছিল বহু প্রজন্মের জীবনধারা, সম্পর্ক, গল্প আর পারস্পরিক সহাবস্থানের প্রাণকেন্দ্র। সংকীর্ণ গলি, যুক্ত আঙিনা আর ঘনিষ্ঠ সামাজিক কাঠামোর মধ্য দিয়ে গড়ে ওঠা এমন এক জীবনপ্রবাহ, যা আজও চেনা যায়। তবে সময়ের প্রবাহে এই ঐতিহ্য দ্রুত হারিয়ে যাচ্ছে। ঔপনিবেশিক যুগের পরিবর্তন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধের স্মৃতি এবং সাম্প্রতিক নগরায়ণের চাপ। সব মিলিয়ে পুরান ঢাকার পুরোনো স্থাপত্য, নীরব পাড়া, অলংকরণযুক্ত বাড়িঘর আর যৌথ বসতি বদলে যাচ্ছে কাচ–কংক্রিটের বহুতল স্থাপনায়। হারিয়ে যাচ্ছে বহু মূল্যবান স্মৃতি।
১৯৮৭ সালে প্রথম প্রদর্শনীর মাধ্যমে কাজী সালাহউদ্দিন আহমেদের শিল্প যাত্রার শুরু। এরপর তিনি দেশ-বিদেশে বহু দলীয় প্রদর্শনীতে অংশ নিয়েছেন। সেই সাথে করেছেন প্রায় ৩০টি একক প্রদর্শনী। বাংলাদেশ ছাড়াও তাঁর শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, চীন, জাপান, অস্ট্রেলিয়া, নেপাল, ইরান এবং যুগোস্লাভিয়ায়।
‘সিটি অব মেমোরিস’ প্রদর্শনীটি চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে সোমবার থেকে শনিবার প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। ঠিকানা: আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, গুলশান শাখায়, বাসা ৮, সড়ক ৭, গুলশান ১।