রাজধানীর হাতিরঝিলে শেষ হলো দেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতা ‘তুরাগ অ্যাক্টিভ ঢাকা ২৫কে ২০২৬’-এর তৃতীয় আসর। ‘গৌরবের পথে’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশ-বিদেশের প্রায় ৩ হাজার পেশাদার ও শৌখিন দৌড়বিদ অংশ নেন।
সম্প্রতি ঢাকার হাতিরঝিলে অনুষ্ঠিত হয় এই ২৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা। ক্রীড়া ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রান বাংলাদেশের আয়োজনে এবং তুরাগ অ্যাক্টিভের পৃষ্ঠপোষকতায় এবারের আয়োজনটি নতুন উল্টো-ঘড়ির কাঁটার রুটে অনুষ্ঠিত হয়। গরম ও আর্দ্র আবহাওয়া উপেক্ষা করে দৌড়বিদদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর ছিল পুরো এলাকা।
আয়োজকেরা জানান, প্রতিযোগিতাটি আন্তর্জাতিক ম্যারাথন ও দূরপাল্লার দৌড় সংস্থার স্বীকৃত সদস্য। একই সঙ্গে এর পথ বিশ্ব অ্যাথলেটিকস সংস্থা কর্তৃক অনুমোদিত। অন্তর্ভুক্তিমূলক ক্রীড়াচর্চাকে উৎসাহ দিতে এবার প্রথমবারের মতো ৩ কিলোমিটার হুইলচেয়ার বিভাগ যুক্ত করা হয়েছে।
২৫ কিলোমিটার পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মামুন আহমেদ। নারী বিভাগে শিরোপা জিতেছেন হামিদা আক্তার জেবা। বিভিন্ন বিভাগের বিজয়ীদের মধ্যে মোট দুই লাখ টাকার পুরস্কার, ট্রফি, পদক ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।
রান বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ও দৌড় পরিচালক সাজনান মোহাম্মদ বলেন, ‘দৌড়বিদদের ব্যাপক অংশগ্রহণ ও উৎসাহ আমাদের আরও বড় পরিসরে এমন আয়োজন করতে অনুপ্রাণিত করছে। দেশের দৌড় সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরাই আমাদের লক্ষ্য।’
দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতা শেষে সব ফিনিশারকে পদক দেওয়া হয়। অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস আর উদ্যাপনের মধ্য দিয়ে শেষ হয় তৃতীয় বারের এই আসর।