ঢাকা ও এর আশপাশে বিজিবি মোতায়েন

বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধে রাজধানী ও এর আশপাশের জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ রোববার সকাল থেকে এই বাহিনী দায়িত্ব পালন শুরু করেছে। 

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঢাকা ও আশপাশের জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন এরই মধ্যে মোতায়েন করা হয়েছে। আরও ১০ প্লাটুন বিজিবি স্ট্যান্ডবাই রয়েছে।

রোববার সকালে রাজধানীর বনশ্রীতে অছিম পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। আগুনে বাসটিতে থাকা সবুজ নামে অন্য একটি বাসের চালক দগ্ধ হন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে, রোববার সকাল থেকে এই অবরোধ শুরুর আগেই শনিবার রাতে ঢাকাসহ সারা দেশে ১২টি আগুনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, গতকাল শনিবার সন্ধ্যা ৭টা থেকে রোববার ভোর পর্যন্ত সারা দেশে ১২টি আগুনের ঘটনা ঘটেছে।