নির্বাচন অত্যাসন্ন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সিইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে জানাতে তাঁর সঙ্গে দেখা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ ৪ নির্বাচন কমিশনার। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের সামনেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি।

সিইসি সাংবাদিকদের বলেন, 'প্রথমে আমরা রাষ্ট্রপতির বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছি। পরে রাষ্ট্রপতিকে নির্বাচন নিয়ে সার্বিক প্রস্তুতি সম্পর্কে বলা হয়েছে। তিনি সন্তুষ্টি প্রকাশ করেছে।' 

সিইসি বলেন, নির্বাচন অত্যাসন্ন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করে রাষ্ট্রপতি। এসময় তিনি নির্বাচন নিয়ে যেকোনো সহযোগিতা করবেন বলেও জানান।

সিইসি রাষ্ট্রপতিকে জানান, সুন্দর ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাহী বিভাগ সহ-সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, 'নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের মতামত প্রতিফলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করেন এবং  প্রতিনিধির মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ হয়ে থাকে। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন গণতন্ত্রকে শক্তিশালী করে।'

রাষ্ট্রপতি বলেন, 'দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে দেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে হবে।' নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, 'একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য প্রয়োজন নির্বাহী বিভাগসহ জনগণের সক্রিয় সহযোগিতা। রাজনৈতিক দলগুলোকে এ লক্ষ্যে এগিয়ে আসতে হবে।'

এর আগে, আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বঙ্গভবনে পৌঁছান সিইসির নেতৃত্বে চার কমিশনার।