আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। সময় শেষ হওয়ার পর নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম বলেন, ‘সময় বাড়ানোর আর সুযোগ নেই, বাড়ানো হবে না।’
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের এসব তথ্য জানান সচিব জাহাংগীর আলম।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বৃহস্পতিবার। যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে। এরপর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৬ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে প্রার্থীরা কমিশনে আপিল ও নিষ্পত্তির সুযোগ পাবেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।
আগামী ১৮ ডিসেম্বর নির্বাচনী প্রতীক বরাদ্দের পরই শুরু হবে প্রচার, চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত । আর ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি।
এবারের নির্বাচনের প্রকাশিত তালিকা অনুসারে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। আর ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ১০৩টি। সংবিধান অনুযায়ী, ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি।