স্বাধীনতা দিবসে বাংলাদেশকে যে বার্তা দিল আমেরিকা 

মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি জে. ব্লিঙ্কেন। স্বাধীনতা দিবসের প্রাক্কালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ বার্তা প্রকাশ করা হয়। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তাঁর বার্তায় জানান, অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের সাথে অংশীদার হতে পেরে আমেরিকা গর্বিত।
২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশের জনগণকে আমি আমেরিকার পক্ষ থেকে অভিনন্দন জানাই।

ব্লিঙ্কেন বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অর্থনৈতিক উন্নয়ন, রোহিঙ্গা সংকটে সাড়া দেওয়া, বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমে সহায়তা এবং বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলাসহ আজ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের সাথে অংশীদার হতে পেরে আমেরিকা গর্বিত।’

বার্তায় আরো বলা হয়, ‘আমাদের এই অংশীদারিত্ব একটি মুক্ত, উন্মুক্ত, নিরাপদ এবং সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ যখন স্বাধীনতার আরেকটি বছর উদযাপন করছে, তখন আমরা গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে শক্তিশালী করা এবং মানবাধিকার রক্ষায় আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি এবং এই প্রচেষ্টাসমূহ বাংলাদেশকে আরও সমৃদ্ধ  করবে।’ 

দুই দেশ ও জনগণের মধ্যে সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের আন্তরিকতার কথাও তুলে ধরেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আমি এই বিশেষ দিনে সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আগামী বছরে আমাদের দুই দেশের মধ্যে অংশীদারিত্ব এবং জনগণের মধ্যে সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধির জন্য আমরা উন্মুখ।’