ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যানবাহন পারাপারে নৌরুটে ফেরি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। সংস্থাটির চেয়ারম্যান একেএম মতিউর রহমান আজ বৃহস্পতিবার ইনডিপেনডেন্ট টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
একেএম মতিউর রহমান জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফেরিঘাটে যানবাহন পারাপার নিশ্চিতসহ সার্বিক বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিআইডব্লিউটিসি চেয়ারম্যান বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ছোট-বড় মিলিয়ে মোট ১৫টি ফেরি চলাচল করছে। ঈদ উপলক্ষে অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে আরও পাঁচটি ফেরি বাড়ানো হবে। আর এ রুটে ৩০টি লঞ্চ চলাচল করবে।
মতিউর রহমান জানান, ঘাট যানজটমুক্ত রাখতে ঈদের আগে ৩ দিন ও পরের ৩ দিন মিলিয়ে ঈদের দিনসহ মোট ৭ দিন অপচনশীল পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে।